Ashwini Vaishnaw Bengal visit:বাঙালি অস্মিতা শেষ করছে তৃণমূল, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকেও চলছে কাটমানি রাজ: বঙ্গ সফরে এসে চাঁচাছোলা আক্রমণ রেলমন্ত্রীর!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:বাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশ না পেলেও রাজ্যজুড়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। শাসক ও বিরোধী—উভয় পক্ষই ঘর গোছাতে ময়দানে নেমে পড়েছে। এই আবহে শনিবার হুগলির চাঁপদানিতে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র মঞ্চ থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw Bengal visit)। তৃণমূলের চেনা ‘বাঙালি অস্মিতা’র কার্ডকে পাল্টা হাতিয়ার করে তিনি অভিযোগ করেন যে, শাসকদল কেবল ভোটব্যাঙ্কের রাজনীতি করছে এবং এর আড়ালে বাঙালির পরিচয় ও সংস্কৃতিকে ধ্বংস করছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/03/08/mamata-protects-cpm-voters-dharna-bjp-attack/

ব্রেথওয়েট রেলমাঠের জনসভা থেকে রেলমন্ত্রী বলেন, তৃণমূল সরকারের আদতে বাঙালি অস্মিতায় কোনও বিশ্বাস নেই। তারা বাংলার ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দিয়ে কেবল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতি করছে। উল্লেখ্য, ভিন রাজ্যে বাঙালিদের ওপর হামলার ঘটনা নিয়ে তৃণমূল বারবার বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করে। এদিন অশ্বিনী বৈষ্ণব সেই অস্ত্রেই তৃণমূলকে বিঁধে বলেন, এই সরকার আসলে বাঙালির ভাবাবেগকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এমনকি রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, এই প্রকল্পের টাকা থেকেও তৃণমূলের নেতারা ‘কাটমানি’ আদায় করছেন। জনসভার ভিড়ের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, যে সরকার লক্ষ্মীর ভাণ্ডার থেকেও কাটমানি নেয়, সেই সিন্ডিকেট রাজ কি আর চলতে দেওয়া উচিত?

রাজ্যের আইনশৃঙ্খলা এবং নারী নিরাপত্তা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw Bengal visit)। আরজি কর থেকে শুরু করে কামদুনি, কসবা ও হাঁসখালির প্রসঙ্গ টেনে তিনি আক্ষেপ প্রকাশ করেন যে, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যে মহিলারা নিরাপদ নন। বাংলাকে বাঁচাতে এবং যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে তিনি তৃণমূল সরকারকে উপড়ে ফেলে রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার আনার আহ্বান জানান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

রাজনৈতিক আক্রমণের পাশাপাশি বাংলার রেল মানচিত্র নিয়েও একাধিক বড় ঘোষণা করেন অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বর্তমানে বাংলার ১০১টি স্টেশনের আধুনিকীকরণ চলছে। এছাড়াও শ্রীরামপুর স্টেশনের উন্নয়ন এবং দুটি নতুন রেল ওভারব্রিজ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। রেলমন্ত্রী আরও জানান যে, এই বছরের বাজেটে বাংলার জন্য একটি বুলেট ট্রেনের পাশাপাশি নতুন ডেডিকেটেড ফ্রেইট করিডোর অনুমোদন করা হয়েছে, যা ভবিষ্যতে শিলিগুড়িকেও সংযুক্ত করবে।