নিউজ পোল ব্যুরো:দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নারী দিবসের আগের দিন চরম অপমান করা হয়েছে বলে চড়া সুরে নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার মোদী এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বলেন, “একজন মহিলা রাষ্ট্রপতিকে নারী দিবসের আগের দিন অপমান করা হয়েছে। এটি শুধু রাষ্ট্রপতির নয়, সংবিধান ও গণতন্ত্রেরও অপমান।”
ঘটনাটি ঘটে তখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গের একটি আদিবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিন্তু অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানাতে কোনও মুখ্যমন্ত্রী বা মন্ত্রী উপস্থিত ছিলেন না। এ বিষয়টি রাষ্ট্রপতি নিজে প্রকাশ্যে জানান। পরে মুখ্যমন্ত্রী জানান, তিনি মানুষের জন্য লড়াই করতে ধরনায় অংশ নিচ্ছেন, তাই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে যাওয়া সম্ভব হয়নি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এক্স হ্যান্ডলে লেখেন, “এটি লজ্জাজনক এবং অভূতপূর্ব ঘটনা। গণতন্ত্র ও জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজনের জন্য এটি খুবই মর্মাহত। রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ দেশের মানুষের মনে গভীর দুঃখের সৃষ্টি করেছে।”
রবিবার মোদী আরও বলেন, “আজ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। কিন্তু ঠিক আগের দিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার রাষ্ট্রপতিকে অপমান করেছে। দ্রৌপদী মুর্মু আদিবাসীদের উৎসবে উপস্থিত হতে গিয়েছিলেন। কিন্তু তৃণমূল সাঁওতালদের অপমান করেছে, রাষ্ট্রপতিকে অপমান করেছে। রাষ্ট্রপতি আদিবাসী সমাজের উন্নয়ন এবং বিকাশের কথা চিন্তা করেছেন। এই অপমান শুধু রাষ্ট্রপতির নয়, এটি সংবিধান ও গণতন্ত্রের স্পিরিটেরও অপমান।”
মোদি আরও বলেন, “যাঁরা জীবনের কঠিন সংগ্রামের মধ্য দিয়ে সফল হয়েছেন, সেই সব মহিলাদেরও এই ধরনের অপমান করা হয়েছে। এটি ন্যায়সঙ্গত নয়।”
বিজেপি ও তৃণমূলের এই বিবাদে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগও এসেছে। মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “প্রধানমন্ত্রী আগেও রাষ্ট্রপতিকে যথাযথ আমন্ত্রণ দেননি। সংসদ ভবন উদ্বোধনের সময় রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না দেওয়া হয়েছিল। সেটা ছিল গণতন্ত্রের কালো দিন। আর এখন বাংলার ভোটের আগে রাষ্ট্রপতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যা আগে কখনো হয়নি।”
এ ঘটনার ফলে কেন্দ্র ও রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনা ও মন্তব্যের এই মিশ্রণ রাজনৈতিক মহলে সরব।
