নিউজপোল ব্যুরোঃ ৩ বার পালিয়েও শেষ রক্ষা হলো না, সাড়ে ৫ ঘণ্টা এসিতে বসেও ঘাম ঝরে গেল অভিষেকের! সই জালিয়াতি মামলায় সিআইডির (CID) টানা সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথন জেরার মুখে পড়তে হলো ডায়মন্ড হারবারের সাংসদকে। সই জালিয়াতি মামলায় হাইকোর্টের নির্দেশ মেনে হাজিরা দেওয়ার পর টানা প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে তাঁকে প্রশ্নের মুখে বসান তদন্তকারীরা। তবে তদন্তকারী সংস্থার দাবি, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও স্পষ্ট উত্তর মেলেনি। দিনভর টানটান নাটকের পর অবশেষে রাত ১১.৩০: জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক। তবে গোয়েন্দা সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করা তো দূর, উল্টে একাধিকবার মেজাজ হারিয়েছেন তিনি।
তদন্তের মূল ফোকাস ছিল বিধায়কদের সই জাল করা রেজোলিউশন বুকের ওপর। কিন্তু তদন্তকারীদের দাবি, এই রেজোলিউশন বুক-সংক্রান্ত কোনো প্রশ্নেরই স্পষ্ট জবাব দেননি অভিষেক। বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। একপর্যায়ে গোয়েন্দাদের একের পর এক অকাট্য প্রমাণের সামনে পড়ে রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন তৃণমূলের এই শীর্ষনেতা।
হাইকোর্টের নির্দেশে তিনবার নোটিস এড়ানোর পর হাজিরা দিতে বাধ্য হলেও, প্রথম দিনের জেরার রিপোর্ট একেবারেই ভালো নয় অভিষেকের পক্ষে। সিআইডি সূত্রে খবর, প্রথম দিনের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। আর সেই কারণেই তড়িঘড়ি আগামী ১৪ জুন ফের তাঁকে তলব করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, প্রথম দিনেই যদি এই হাল হয়, তবে আগামী দিনে সিআইডি যখন আরও কড়া নথিপত্র সামনে রাখবে, তখন কোন দিকে ঘুরবে বাংলার রাজনীতি? সই জালিয়াতির রেজোলিউশন বুক নিয়ে প্রশ্ন করতেই যদি এতটা মেজাজ বিগড়ে যায়, তবে ১৪ জুন সিআইডি যখন আসল ফাইলটা সামনে খুলবে, তখন কোথায় যাবেন অভিষেক? এখন নজর আইনি রক্ষাকবচের মেয়াদ ফুরোনোর আগেই কি তবে আসল রহস্য ফাঁস হতে চলেছে?
