দীপাবলিতে বাজি ফাটানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ! গুলিবিদ্ধ রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর জওয়ান

রাজ্য

নিউজপোল ব্যুরো: উৎসবের আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে। দীপাবলির রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বচসার জেরে গুলিবিদ্ধ হলেন রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক জওয়ান। উত্তরপ্রদেশের বাগপত জেলার এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৬ বছরের সৌরভ তোমর। বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

দীপাবলির রাতে নিজের বাড়ির সামনে দুই ভাইয়ের সঙ্গে বাজি ফাটাচ্ছিলেন সৌরভ। সেই সময় প্রতিবেশী ধীরজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। বচসা চরমে উঠতেই দেশি পিস্তল বের করে গুলি চালান ধীরজ।সেই গুলি প্রথমে দেওয়ালে লেগে তার পর সৌরভের কানের পিছনে লাগে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে সে।

২০২১ সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন সৌরভ। বর্তমানে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীতে কর্মরত। পরিবারের সঙ্গে দীপাবলি কাটাতে ছুটিতে গ্রামে এসেছিলেন তিনি। গুলিবিদ্ধ হ‌ওয়ার পর প্রথমে মিরাট মেডিক্যাল কলেজে পাঠানো হয়।পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। অস্ত্রোপচার করে মাথার খুলি বার করা হলেও তাঁর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক।

এদিকে, সৌরভের বাবা জনক রাজের বয়ান অনুযায়ী ধীরজ ও মনু দুই ভাইকে ঘটনার পর থেকেই পুলিশ খুঁজছে ।অভিযুক্ত দুই ভাই পলাতক। ঘটনায় যুক্তদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছে বিজয় সরকার।পুরনো কোনও বিবাদের জেরেই এই হামলা কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।