নিউজ পোল ব্যুরো: বড়দিন (Christmas) ও বর্ষবরণ ঘিরে পাহাড়ে পর্যটনের ভিড় বাড়তেই নতুন করে জটিলতা তৈরি হল শিলিগুড়ি (Siliguri) ও পাহাড়ের গাড়িচালকদের মধ্যে। দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় এখন পর্যটকদের ঢল নামছে। ব্যবসায়ীদের মতে, বড়দিনের সপ্তাহ ও তার পরের বর্ষবরণে এই ভিড় আরও বাড়বে। কিন্তু ঠিক এই সময়েই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে পাহাড় ও সমতলের গাড়িচালকদের দীর্ঘদিনের বিবাদ।
সমতলের গাড়িচালকরা সাফ জানিয়ে দিয়েছেন, পাহাড় থেকে আসা কোনও গাড়িকে আর শিলিগুড়ি (Siliguri) বা সমতল এলাকা থেকে যাত্রী তুলতে দেওয়া হবে না। সোমবার এই দাবিতে চালকদের পক্ষ থেকে প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, পাহাড়ের চালকরা দীর্ঘদিন ধরে সমতলের গাড়ির উপর দাদাগিরি চালাচ্ছেন এবং শিলিগুড়ির (Siliguri) গাড়িকে পাহাড়ে যাত্রী নিয়ে যাওয়া বা ফেরত আনার অনুমতি দিচ্ছেন না।
পর্যটন ব্যবসায়ী দেবাশিস মৈত্র জানান, বহুবার আলোচনার চেষ্টা হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। তাঁর বক্তব্য, “আমরা যদি পাহাড়ে গাড়ি চালাতে না পারি, তাহলে পাহাড়ের গাড়িও সমতলে চলবে না। আর কোনও ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, পাহাড়ের চালকদের একতরফা সিদ্ধান্তের জবাব দিতেই সমতলের চালকরা এই কঠোর অবস্থান নিয়েছেন।
উল্লেখ্য, এর আগেই পাহাড়ের গাড়িচালকরা জানিয়ে দিয়েছিলেন, শিলিগুড়ি-সহ সমতলের গাড়ি পাহাড়ে যাত্রী তুলতে বা নামাতে পারবে না। সেই সিদ্ধান্ত ঘিরেই দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে টানাপড়েন চলছে। মাঝেমধ্যেই এই নিয়ে বচসা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এবার সমতলের চালকদের পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
সবচেয়ে বড় আশঙ্কা, এই সংঘাতের জেরে সমস্যায় পড়তে পারেন পর্যটকেরা। গাড়ির অভাবে ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাতায়াতে হয়রানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পর্যটনের মরশুমে এই পরিস্থিতি চলতে থাকলে পাহাড়ে আসা বহু মানুষই চরম দুর্ভোগের মুখে পড়তে পারেন বলে মত ব্যবসায়ীদের। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
