Bangladesh: বাংলাদেশে হিন্দু যুবক হত্যার প্রতিবাদে কলকাতায় ডেপুটি হাই কমিশন ঘেরাও, পুলিশের লাঠিচার্জে উত্তাল বেকবাগান

breakingnews কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় (Kolkata) উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। বঙ্গীয় হিন্দু জাগরণের ডাকে শিয়ালদহ (Sealdah) থেকে বেকবাগানে বাংলাদেশ (Bangladesh) ডেপুটি হাই কমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। সকাল প্রায় ১১টা নাগাদ শুরু হওয়া এই মিছিলে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশে (Bangladesh)ধারাবাহিকভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও হত্যাকাণ্ড চালানো হচ্ছে, যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁদের এই কর্মসূচি।

আরও পড়ুন: High Court: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়, ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল নিয়ে ডিভিশন বেঞ্চে শুনানি

দুপুর প্রায় ২টো নাগাদ মিছিলটি বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে পৌঁছলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যারিকেড বসিয়ে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করা হয়। তবে উত্তেজিত বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। একটি ব্যারিকেড ভেঙে ফেলায় কিছু বিক্ষোভকারী কমিশন চত্বরে পৌঁছে যান। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

উত্তেজনা সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে এলাকায় তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে কয়েকজন বিক্ষোভকারীর মাথা ফেটে যায় এবং অনেকে অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে চরম হুলস্থুলের মধ্যে কয়েকজনকে আটক করে পুলিশ। আটক বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। কিছু সময় পরে অতিরিক্ত পুলিশি তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং গাড়িগুলি সরানো হয়।

এই ঘটনার পর পুলিশ বঙ্গীয় হিন্দু জাগরণের জমায়েতকে বেআইনি ঘোষণা করে। মাইকে বারবার ঘোষণা করে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে এলাকা ছাড়ার অনুরোধ জানানো হয়। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বেকবাগান ও আশপাশের এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়। গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণভাবেই অন্যায়ের প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। তবে পুলিশের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই লাঠিচার্জ করতে বাধ্য হতে হয়েছে। ঘটনার জেরে কলকাতার (Kolkata) রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole