CBSE Board Exam : পরীক্ষার আগে বড় আপডেট! প্র্যাকটিক্যাল নম্বর জমার শেষ দিন জানাল CBSE , দ্বাদশে চালু ডিজিটাল খাতা মূল্যায়ন

রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: সামনেই শুরু হতে চলেছে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা (CBSE Board Exam)। তার আগেই প্র্যাকটিক্যাল, প্রজেক্ট ও ইন্টারনাল অ্যাসাইনমেন্টের নম্বর জমা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে বোর্ড (CBSE Board Exam)। জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৩০ শতাংশ স্কুল এই নম্বর আপলোডের কাজ সম্পূর্ণ করতে পারেনি। তাই নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত স্কুলগুলিকে অনলাইনের মাধ্যমে নম্বর জমা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : Hilsa Fish : নিষেধাজ্ঞা অমান্য করেই বাজারে খোকা ইলিশ! ফরাক্কা থেকে ধরা মাছ নিয়ে বাড়ছে উদ্বেগ

বোর্ড সূত্রে খবর, ২০২৬ সালে প্রায় ৪৬ লক্ষ পরীক্ষার্থী দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশ নিতে চলেছে (CBSE Board Exam)। এত বিপুল সংখ্যক উত্তরপত্র মূল্যায়নকে আরও দ্রুত ও স্বচ্ছ করতে নতুন ডিজিটাল পদ্ধতি চালু করছে সিবিএসই। এই ব্যবস্থায় ‘অন স্ক্রিন মার্কিং’ (On Screen Marking) পদ্ধতিতে খাতা মূল্যায়ন করা হবে। ফলে এবার আর উত্তরপত্র নির্দিষ্ট মূল্যায়ন কেন্দ্রে পাঠানোর প্রয়োজন পড়বে না। তার বদলে অনলাইন পোর্টালের মাধ্যমে মূল্যায়ন করে সরাসরি নম্বর জমা দেওয়া যাবে। তবে এই নতুন ডিজিটাল মূল্যায়ন পদ্ধতি আপাতত শুধুমাত্র দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ক্ষেত্রেই প্রয়োগ করা হবে। স্কুলের কম্পিউটার ব্যবহার করেই শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন এবং নম্বর যাচাই করে অনলাইনে জমা দেবেন। অন্যদিকে, দশম শ্রেণির ক্ষেত্রে এখনও আগের পদ্ধতিই বজায় থাকছে। তাদের উত্তরপত্র আগের মতোই নির্দিষ্ট কেন্দ্রে পাঠিয়ে মূল্যায়ন করা হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এছাড়াও বোর্ডের নতুন চালু হওয়া অনলাইন পোর্টালে মূল্যায়নকারী শিক্ষকদের বিস্তারিত তথ্য আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে (CBSE Board Exam)। সেখানে শিক্ষকের নাম, বিষয়, শিক্ষাদানের অভিজ্ঞতা, জন্মতারিখ, ফোন নম্বর এবং ই-মেল আইডি জমা দিতে হবে। এই নতুন ব্যবস্থায় যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করছে বোর্ড। কীভাবে অনলাইনে উত্তরপত্র মূল্যায়ন করতে হবে এবং কীভাবে নম্বর জমা দিতে হবে, তা নিয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। সব মিলিয়ে বলা যায়, আগামী দিনে বোর্ড পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া আরও প্রযুক্তিনির্ভর ও দ্রুতগতির হতে চলেছে।