Tarek Rahman: তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না মোদী! দিল্লির প্রতিনিধি হিসেবে থাকছেন কে?

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: তারেক রহমানের (Tarek Rahman) প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে বাড়ছে চর্চা। ওই অনুষ্ঠানে ভারতের তরফে প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (OM Birla)। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক স্পষ্ট করেছে যে, আগামী মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হতে চলা শপথপাঠ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।

আরও পড়ুন:Hilsa Fish : নিষেধাজ্ঞা অমান্য করেই বাজারে খোকা ইলিশ! ফরাক্কা থেকে ধরা মাছ নিয়ে বাড়ছে উদ্বেগ

বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোনও সাম্প্রতিক বিষয় নয়। ইতিহাস, সংস্কৃতি, বর্তমান ও ভবিষ্যৎ সব দিক থেকেই দুই দেশ একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। সেই কারণেই তারেক রহমানের (Tarek Rahman) নেতৃত্বে গঠিত নবনির্বাচিত বাংলাদেশ সরকারকে ভারত আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে। এই প্রেক্ষাপটে লোকসভার অধ্যক্ষের উপস্থিতি দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেই মনে করছে নয়াদিল্লি।

আগামী ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান (Tarek Rahman)। একই দিনে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। বিএনপির (BNP) বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর (Humayun Kabir) আগেই জানিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে আগ্রহী ছিল তারেক রহমানের শিবির। সেই অনুযায়ী দিল্লির কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হয়।

তবে শেষ পর্যন্ত ওই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, ওই দিনই মুম্বইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে প্রধানমন্ত্রীর একটি পূর্বনির্ধারিত বৈঠক রয়েছে। সেই কারণেই ঢাকায় উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে। কূটনৈতিক স্তরে এতে কোনও অস্বস্তি নেই বলেই জানানো হয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে মোট ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। সেই তালিকায় রয়েছে পাকিস্তান ও চিনের নামও। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা চলছে, যদিও চিন এখনও তাদের প্রতিনিধির নাম ঘোষণা করেনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole