Ahmedabad: স্কুলে নাশকতার হুমকি! আমেদাবাদে ইমেল পাঠিয়ে খালিস্তানি হুঙ্কার, জারি সতর্কতা

দেশ

নিউজ পোল ব্যুরো: দিল্লিতে স্কুলে হুমকি ই-মেলের ঘটনার পর এ বার একই আতঙ্ক ছড়িয়ে পড়ল গুজরাটে (Ahmedabad)। সোমবার আমেদাবাদের (Ahmedabad) একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সন্দেহজনক হুমকি ই-মেল আসার খবর সামনে আসতেই প্রশাসনের মধ্যে তৎপরতা শুরু হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত সংশ্লিষ্ট স্কুলগুলিতে পৌঁছে যায় পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। প্রতিটি স্কুল চত্বর ঘিরে ধরে চালানো হয় তল্লাশি অভিযান। পাশাপাশি ভদোদরার কিছু স্কুলেও একই ধরনের হুমকি বার্তা পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: Tarek Rahman: তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না মোদী! দিল্লির প্রতিনিধি হিসেবে থাকছেন কে?

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ই-মেলগুলিতে (Bomb Threat) দেশবিরোধী ভাষা ব্যবহার করে ভারতকে ‘খালিস্তান’ বানানোর হুমকি দেওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে প্রবল উদ্বেগ দেখা দেয়। অনেক জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্লাস বন্ধ রেখে পড়ুয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে দিল্লির একাধিক স্কুলেও একই ধরনের হুমকি ই-মেল পাঠানো হয়েছিল। সেই বার্তাগুলিতে আফজল গুরুর নাম উল্লেখ করে রাজধানীকে ‘খালিস্তান’ বানানোর পরিকল্পনার কথা বলা হয় এবং নির্দিষ্ট সময় উল্লেখ করে হামলার আশঙ্কাও প্রকাশ করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত চলাকালীনই গুজরাটে (Ahmedabad) ফের এমন হুমকি আসায় নিরাপত্তা মহল বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে।

প্রাথমিক তল্লাশিতে এখনো পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। তবে প্রশাসন ঝুঁকি নিতে নারাজ। সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় ই-মেলগুলির উৎস ও প্রেরককে চিহ্নিত করার কাজ চলছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুলগুলিতে কড়া নিরাপত্তা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole