নিউজ পোল ব্যুরো: চলতি মাসের শুরুতে শুরু হয়েছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। যাত্রার শুরুতেই ঘটেছিল দুর্ঘটনা। পরপর বাসের ধাক্কায় আহত হয়েছিলেন বেশ কয়েকজন তীর্থযাত্রী। তবে সেই ঘটনার রেশ কাটিয়ে পুনরায় শুরু হয়েছিল যাত্রা। আর এর মধ্যেই ফের একবার ঘটে গেল দুর্ঘটনা। বৃহস্পতিবার উপত্যকায় প্রবল বৃষ্টিপাতের কারণে এবং গান্ডেরবাল জেলায় বালতাল যাত্রাপথে ভূমিধসে গড়িয়ে আসা পাথরের আঘাতে এক মহিলার মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পরেই পর অমরনাথ যাত্রা স্থগিত করা হয়।
বুধবার যাত্রাপথে ভূমিধসে আরও তিনজন আহত হন। ৩ জুলাই শুরু হওয়া এই বার্ষিক তীর্থযাত্রা এই বছর প্রথমবারের মতো জম্মু থেকে স্থগিত করা হয়েছে। বালতাল রুটে কাদা সহ ধসের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ট্র্যাকে আটকা পড়া বিপুল সংখ্যক মানুষকে দেখা গিয়েছে। ভিডিওতে, কর্দমাক্ত স্রোতের তোড়ে দুই ভক্তকে ভেসে যেতে ও বেশ কয়েকজনকে তাদের উদ্ধার করতে দেখা গিয়েছে। আবার বেশকয়েকজনকে পথে লাগানো রেলিং ধরে থাকতেও দেখা গিয়েছে। জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (NDRF) এবং , এসডিআরএফ-এর দলগুলিকে অবিলম্বে দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয় যাতে তীর্থজাত্রীদের সেখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া যায়।
বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) অমরনাথ যাত্রাপথের (Amarnath Yatra) সংস্কার কাজ শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন যে সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত যাত্রা স্থগিত থাকবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, অমরনাথ যাত্রা দুটি ট্র্যাকের মাধ্যমে পরিচালিত হয়। একটি অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার দীর্ঘ নুনওয়ান-পাহালগাঁও রুট এবং গান্ডেরবাল জেলার ১৪ কিলোমিটার দীর্ঘ বালতাল রুট যা ছোট কিন্তু খাড়া। চলতি বছরে এখনও পর্যন্ত দুই লক্ষেরও বেশি তীর্থযাত্রী ৩,৮৮০ মিটার উঁচু মন্দিরে পরিদর্শন করেছেন। ২২ এপ্রিল পাহালগাঁওতে জঙ্গি হামলার পর চলতি বছরে এই যাত্রাপথে অতিরিক্ত সুরক্ষাব্যবস্থা করা হয়েছে। যাত্রাপথে হাজার হাজার সেনা, আধাসামরিক বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।
