Rain Forecast: সাগরে তৈরি নিম্নচাপ, জেনে নিন উত্তর ও দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিনের বৃষ্টির আপডেট

আবহাওয়া কলকাতা জেলা শহর

নিউজ পোল ব্যুরো: জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি চরমে। এর মধ্যেই মধ্য বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত। এমনকি এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘন্টায় ক্রমশ শক্তিশালী হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এই নিম্ন চাপের জেরে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই উত্তরবঙ্গে চলবে বৃষ্টি (Rain Forecast)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা বিস্তৃত অমৃতসর, চণ্ডীগড়, শাহজাহানপুর, লখনউ, গোরখপুর, দ্বারভাঙ্গা এবং জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত। পাশাপাশি হাওয়া অফিস এটাও জানিয়েছে, জম্মু ও কাশ্মীর সংলগ্ন উত্তর পাকিস্তান এলাকায় অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরেই চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই সঙ্গেই ৩০ থেকে ৪০ সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে ঝড়ো হাওয়া। বৃহস্পতি এবং শুক্রবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: BrahMos: সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতকে হুমকি, পাক প্রধানমন্ত্রী ব্রহ্মোস মিসাইলের কথা স্মরণ করালেন আসাদউদ্দিন ওয়াইসি

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায়, বিশেষ করে উপরের পাঁচটি জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ে ধস নামার সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গেই পাহাড়ি নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে বলেই জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast)।