নিউজ পোল ব্যুরো: চেন্নাই সুপার কিংস (CSK) এবং রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মধ্যে বহুল আলোচিত ট্রেড শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। সঞ্জু স্যামসনের পরিবর্তে রাজস্থান রয়্যালস পেয়ে গেল সিএসকের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম করনকে। অন্যদিকে সঞ্জু স্যামসন যাচ্ছেন চেন্নাই সুপার কিংসে।
আরও পড়ুন:Anwar Ali Controversy : আনোয়ার আলি ইস্যুতে ফিফার কাছে গেল মোহনবাগান
ট্রেড নিশ্চিত হওয়ায় দু’দলের স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। এই ট্রেড নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। কারণ চেন্নাই ধীরে ধীরে এমএস ধোনির পরের সময় নিয়ে ভাবছে। স্যামসন ২০২১ সাল থেকে রাজস্থানকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেই বছর দলকে ফাইনালে তুলেছিলেন। তাই স্যামসন চেন্নাইয়ে যাওয়ায় এবার রাজস্থানের নেতৃত্বে নতুন মুখ দেখা যেতে চলেছে।

অন্যদিকে জাদেজা ২০১২ সাল থেকে চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি তিনবার আইপিএল জিতেছেন দলের হয়ে। জাদেজা তার আইপিএল (IPL) ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৮ সালে রাজস্থানের হয়ে খেলে। সে বছর আইপিএলে ১৪ ম্যাচে তিনি করেছিলেন ১৩৫ রান। রাজস্থানের প্রথম আইপিএল (IPL) জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। তৎকালীন অধিনায়ক শেন ওয়ার্ন (Shane Warne) তাকে পরবর্তী মহাতারকা হিসেবে আখ্যা দিয়েছিলেন। ২০০৯ সালের পর রাজস্থানের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়। সেই রাজস্থানের সঙ্গে ১৬ বছর পর আবার পথ মিলে গেল জাদেজার। তবে এই অদলবদল চুক্তি সহজ ছিল না মোটেও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
চুক্তির মাঝ পথে সমস্যা হয়েছিল। স্যাম করনকে জায়গা করে দেওয়ার জন্য রাজস্থানের বিদেশি স্লট খালি ছিল না। তবে এখন বিসিসিআই এই বদলকে অনুমতি দিয়েছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন রাজস্থান এই অদলবদলে বেশি লাভ পেয়েছে। কারণ তারা পাচ্ছে জাদেজা ও কারানকে। জাদেজা ও স্যামসনের মূল্য সমান হলেও কারান আসছেন মাত্র ২.৪ কোটি টাকাতে। এক ফ্র্যাঞ্চাইজির সিইও বলেছেন যে, চেন্নাই এত সহজে জাদেজার মতো তারকা খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে, এটা খুবই বিস্ময়কর। তিনি প্রশ্ন তোলেন যে ধোনির অবসরের পর চেন্নাই ফ্র্যাঞ্চাইজির পোস্টারবয় হিসেবে কে থাকবে। তিনি বলেন, ‘এটা খুবই অবাক করার মতো যে একজন খেলোয়াড়, যিনি সিএসকে’র হয়ে তারকা পারফরমার ছিলেন, তাকে এত সহজে ছেড়ে দেওয়া হলো। এমএস ধোনি (MS Dhoni) অবসরের মুখে। তাহলে সিএসকে’র মুখ কে হবে? এমএসের পর সবসময় জাদেজাকেই ধরা হচ্ছিল। এমএস না থাকলে দলের প্রতিনিধি মুখটি কে হবে?’ চেন্নাই দলে বড় পরিবর্তনের ইঙ্গিতও মিলছে। ডেভন কনওয়ে জানিয়েছেন যে তিনি দল থেকে বাদ পড়েছেন। এছাড়া দীপক হুডা, রাহুল ত্রিপাঠী ও জেমি ওভারটনকেও রিটেনশনের আগে ছেড়ে দেওয়ার খবর শোনা যাচ্ছে।
