নিউজ পোল ব্যুরো: ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের (India Bangladesh Cricket Relations) টানাপোড়েনের আবহে নতুন করে আগুন জ্বালালেন বিসিবির প্রাক্তন সেক্রেটারি সৈয়দ আশরাফুল হক (Syed Ashraful Haque)। তাঁর তীব্র অভিযোগ, আজ ক্রিকেট প্রশাসন কার্যত রাজনীতিবিদদের দখলে (Political Interference in Cricket)। যাঁরা কখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যাটই ধরেননি, তাঁরাই নাকি বিশ্বক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণ করছেন। এই প্রেক্ষিতেই জয় শাহকে (Jay Shah) সরাসরি কাঠগড়ায় তুলেছেন সৈয়দ।
সৈয়দের দাবি, পশ্চিমবঙ্গ ও অসমের আসন্ন ভোট মাথায় রেখেই ক্রিকেটে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন রাজনীতিকরা। তাঁর ভাষায়, “ভারত, পাকিস্তান, বাংলাদেশ—সর্বত্র ক্রিকেট প্রশাসন হাইজ্যাক হয়ে গিয়েছে। বিশ্বকাপের মতো মঞ্চ নিয়ে হুঙ্কার দেওয়া যায় না।” ধর্মীয় আবেগকে সামনে রেখে খেলার সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাতেও তীব্র আপত্তি জানিয়েছেন তিনি।
প্রাক্তন বিসিসিআই প্রধান জগমোহন ডালমিয়া, মাধবরাও সিন্ধিয়া কিংবা এন শ্রীনিবাসনের আমলের কথা স্মরণ করে সৈয়দের মন্তব্য—তাঁরা খেলাটা বুঝতেন বলেই সিদ্ধান্তের প্রতিক্রিয়া আন্দাজ করতে পারতেন। এখন সেই বোঝাপড়ার জায়গাটাই নাকি উধাও। আরও প্রশ্ন তুলেছেন তিনি—খেলোয়াড়ের নাম বদলালেই কি সিদ্ধান্ত বদলাত? ধর্ম আর ভোটের সমীকরণে বিশ্বকাপের মতো টুর্নামেন্টকে ‘ছেলেখেলা’ বানানো হচ্ছে বলেও কটাক্ষ তাঁর।
সব মিলিয়ে, টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়াই সকলের স্বার্থে শ্রেয়—এমন প্রস্তাব দিয়ে ক্রিকেটকে রাজনীতির ছায়া থেকে বের করে আনার ডাক দিয়েছেন প্রাক্তন বিসিবি কর্তা।
