Nirmala Sitharaman budget announcement:দুর্গাপুরে নতুন শিল্প করিডর, হাইস্পিড রেল ও পর্যটন প্রকল্পে বাংলার জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর!

দেশ

নিউজ পোল ব্যুরো:দুর্গাপুরকে ঘিরে শিল্প, পরিবহণ ও পর্যটনে বড়সড় রূপান্তরের ইঙ্গিত দিল কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman budget announcement) বাজেট ভাষণে পূর্ব ও উত্তর–পূর্ব ভারতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ঘোষিত হয়েছে একটি ইন্টিগ্রেটেড ইস্ট–কোস্ট করিডর। সেই বৃহৎ করিডরের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে এসেছে দুর্গাপুরের নাম। শিল্পনগরী হিসেবে বহুদিনের পরিচিত এই শহরকে নতুন করে শিল্প, লজিস্টিকস ও বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে তুলে ধরতেই এই পরিকল্পনা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/02/02/jyotipriya-mallick-habra-hospital-development-transparency-statement/

এই করিডর বাস্তবায়িত হলে দুর্গাপুরের শিল্পভিত্তি আরও মজবুত হওয়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পেরও প্রসারের সম্ভাবনা তৈরি হবে। উন্নত সংযোগ ব্যবস্থা, পরিবহণ অবকাঠামো এবং শিল্পবান্ধব নীতির সমন্বয়ে গোটা অঞ্চলের অর্থনৈতিক গতিবেগ বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের। শুধু শিল্প নয়, পূর্ব ভারতের পর্যটন মানচিত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বাজেটে। পূর্ব ভারতের পাঁচটি রাজ্যে পাঁচটি নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে, যা আঞ্চলিক পর্যটন, কর্মসংস্থান এবং পরিষেবা খাতে নতুন দিগন্ত খুলে দিতে পারে।

পরিবহণ খাতেও আধুনিকীকরণের জোরালো বার্তা দিয়েছে কেন্দ্র। দেশজুড়ে ৪,০০০টি ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থার দিকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর প্রভাব শহর ও শহরতলির সংযোগ ব্যবস্থায় পড়বে, এবং শিল্পাঞ্চলগুলিতে শ্রমিক ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

রেল অবকাঠামোর ক্ষেত্রেও বাংলার জন্য উল্লেখযোগ্য ঘোষণা রয়েছে। দেশের সাতটি হাইস্পিড রেল করিডরের তালিকায় শিলিগুড়ি–বারাণসী করিডরের নাম অন্তর্ভুক্ত হওয়ায় উত্তরবঙ্গ থেকে বুলেট ট্রেন পরিষেবার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর ভারতের দ্রুত যোগাযোগ স্থাপিত হবে, যা পর্যটন ও বাণিজ্য—দুই ক্ষেত্রেই গতি আনবে। পাশাপাশি ডানকুনিতে একটি ফ্রেট করিডরের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা পূর্ব ভারতের শিল্পাঞ্চলকে পশ্চিম ভারতের সুরাটের মতো বাণিজ্যকেন্দ্রের সঙ্গে যুক্ত করবে। এর ফলে পণ্য পরিবহণের খরচ ও সময় কমে শিল্প উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এই ধারাবাহিক ঘোষণাগুলি এমন এক সময়ে এল, যখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে চলছে। রাজনৈতিক মহলের নজর এখন নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে। সবকিছু নির্ধারিত পথে এগোলে শিগগিরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে এবং তারপরই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচনের আগে উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা ও উদ্বোধন রাজনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে দুর্গাপুর ও বাংলার জন্য এই বাজেট ঘোষণাগুলি রাজনৈতিক তাৎপর্যও বহন করছে বলে মত পর্যবেক্ষকদের।

সব মিলিয়ে শিল্প করিডর, হাইস্পিড রেল, ফ্রেট করিডর, পর্যটন কেন্দ্র এবং পরিবেশবান্ধব গণপরিবহণ—এই বহুমুখী প্রকল্পগুলির সমন্বয়ে বাংলার অর্থনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা হওয়ার ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষিত বাজেট থেকে(Nirmala Sitharaman budget announcement)!