নিউজ পোল ব্যুরো: ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আইপিএল অভিযানে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তবে নতুন মরশুম শুরুর আগেই একাধিক সমস্যায় জর্জরিত তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। একের পর এক ক্রিকেটারের চোট, অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তা এবং গত মরশুমের ব্যর্থতার স্মৃতি-সব মিলিয়ে চাপে রয়েছে কেকেআর শিবির। ফলে প্রধান কোচ অভিষেক নায়ার, সহকারী কোচ শেন ওয়াটসন এবং মেন্টর ডোয়াইন ব্রাভোর সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Plane Crash: কলম্বিয়ায় সেনা বহনকারী বিমান ভেঙে মৃত্যু অন্তত ৬৬ জওয়ানের
সবচেয়ে বড় চিন্তার বিষয় দলের পেস আক্রমণের ফিটনেস। কেকেআরের অন্যতম ভরসাযোগ্য ভারতীয় পেসার হর্ষিত রানা ইতিমধ্যেই আইপিএল ২০২৬ থেকে ছিটকে গিয়েছেন। মিনি নিলামে দলে নেওয়া আকাশ দীপও পুরো মরশুমের জন্য অনুপলব্ধ। অন্যদিকে শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানা টি-২০ বিশ্বকাপে চোট পাওয়ার পর এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। ফলে বিশেষ করে ডেথ ওভারে বোলিং নিয়ে দলের চিন্তা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে কেকেআরকে বিকল্প খুঁজতে হচ্ছে। রিজার্ভ বেঞ্চে রয়েছেন কার্তিক ত্যাগি এবং উমরান মালিক। তবে দীর্ঘদিন ধরেই তারা ধারাবাহিক ফর্মে নেই। ফলে তারা যেমন ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন, তেমনই দলের জন্য ঝুঁকির কারণও হয়ে উঠতে পারেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
শুধু বোলিং নয়, ব্যাটিং কম্বিনেশন নিয়েও ধন্দে রয়েছে টিম ম্যানেজমেন্ট। অজিঙ্কে রাহানে ওপেন করবেন নাকি তিন নম্বরে নামবেন-তা এখনও নিশ্চিত নয়। ফিন অ্যালেন ও টিম সাইফার্টের মধ্যে কাকে প্রথম একাদশে রাখা হবে, সেটাও বড় প্রশ্ন। পাশাপাশি ক্যামেরন গ্রিন, বিষ্ণু সিং এবং আংক্রিশরঘুবংশীর ভূমিকা নিয়েও চলছে ভাবনা। সব মিলিয়ে মরশুমের শুরুতেই সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া কেকেআরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তা না হলে লিগের প্রথমার্ধেই সময় নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, যা দলের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।
