নিউজপোল ব্যুরো: পশ্চিমবঙ্গের মা-বোনেদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খুশির খবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ১৫০০ টাকা একধাক্কায় দ্বিগুণ করে ৩০০০ টাকা করার যে ঐতিহাসিক সিদ্ধান্ত বিজেপি সরকার নিয়েছিল, তার সুবিধা ইতিমধ্যেই পেতে শুরু করেছেন রাজ্যের কোটি কোটি মহিলা। অন্নপূর্ণা যোজনার এই টাকা অ্যাকাউন্টে ঢুকতেই বাংলার ঘরে ঘরে এখন আনন্দের জোয়ার। তবে যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “কাউকেই চিন্তা করার কোনও কারণ নেই। গেল গেল রব তোলার দরকার নেই, যোগ্য সবাই এই টাকা পাবেন।”
তিনি বিরোধীদের কটাক্ষ করে মনে করিয়ে দেন যে, আগের সরকার মাত্র ৫০০ টাকা দিতে গিয়ে ৯ মাস সময় লাগিয়ে দিয়েছিল, আর তাঁর সরকার মাত্র দেড় মাসের মধ্যে ১ কোটি ২০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের রেজিনগরের একটি সভা থেকে জানান, শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই ১৫ লক্ষ আবেদনের মধ্যে বর্ণ-ধর্ম-দলমত নির্বিশেষে ১২ লক্ষ মহিলার অ্যাকাউন্টে পয়লা জুলাই ৩,০০০ টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। বাকিদের জন্য ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের প্রক্রিয়া আগামী ৩০ অগাস্ট পর্যন্ত চলবে।
সরকারি সূত্র অনুযায়ী, এই প্রকল্পে যাতে কোনও অযোগ্য ব্যক্তি জালিয়াতি করে টাকা না পেয়ে যান, সেই কারণেই নথিপত্র কড়াভাবে খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোর দিয়ে বলেছেন, প্রতিটি বিধানসভায় গড়ে ৩৫ থেকে ৪০ হাজার মহিলা ইতিমধ্যেই টাকা পেয়েছেন। স্ক্রুটিনির পর যদি আরও হাজার হাজার প্রকৃত প্রাপক বাকি থাকেন, তাঁরাও এই তালিকায় যুক্ত হবেন। অযোগ্যরা বাদ পড়লেও, বাংলার একটিও প্রকৃত দিদি বা বোন এই অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হবেন না— এটাই এখন রাজ্য সরকারের সবচেয়ে বড় গ্যারান্টি।
