Rajnath Singh:গার্ডেনরিচে যুদ্ধজাহাজ নির্মাণে ৫ প্রকল্পের শিলান্যাস রাজনাথের, ৩৪০০ কোটির বিনিয়োগের ঘোষণা শুভেন্দুর!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গে শিল্প ও প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। রাজ্যে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করে, তার সুদূরপ্রসারী প্রভাব কর্মসংস্থান থেকে শুরু করে অনুসারী শিল্পের বিকাশ পর্যন্ত বিস্তৃত হবে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh)। রবিবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)-এ যুদ্ধজাহাজ নির্মাণ সংক্রান্ত পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্পনীতির পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন:Narendra Modi:‘কেরিয়ার গড়ার সেরা ঠিকানা হোক ভারত’, জাতীয় মহাকাশ দিবসে মন্তব্য প্রধানমন্ত্রীর!

রাজনাথের কথায়, ‘‘বাংলার বাতাসে এখন নতুন গন্ধ।’’ তাঁর ব্যাখ্যা, এই পরিবর্তন নিছক রাজনৈতিক পালাবদলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং উন্নয়ন ও শিল্পায়নের পথে রাজ্যের অগ্রগতির ইঙ্গিতবাহী। একসময় বাংলায় শিল্প বন্ধ হয়ে যাওয়া নিয়ে আলোচনা হত, সেখানে বর্তমানে নতুন বিনিয়োগ ও শিল্প প্রকল্পের খবর সামনে আসছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বর্তমান রাজ্য সরকার শিল্পের বিকাশ এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। উদ্দেশ্য সৎ থাকলে উন্নয়নের গতিপথ কোনও শক্তিই রুদ্ধ করতে পারবে না।

পশ্চিমবঙ্গে নতুন শিল্প বিনিয়োগের বহুমাত্রিক প্রভাবের কথাও তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর মতে, প্রত্যক্ষ কর্মসংস্থানের পাশাপাশি নতুন প্রকল্পকে কেন্দ্র করে গড়ে উঠবে একাধিক অনুসারী শিল্প। ফলে রাজ্যের শিল্প পরিকাঠামো আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধিও সম্প্রসারিত হবে।

একইসঙ্গে প্রতিরক্ষা উৎপাদনে বাংলার ঐতিহাসিক অবদানের প্রসঙ্গও তুলে ধরেন রাজনাথ সিংহ (Rajnath Singh)। তাঁর বক্তব্য, বাংলা যেমন ‘বন্দে মাতরম’-এর মন্ত্র দিয়েছে, তেমনই দেশের নবজাগরণের অন্যতম পীঠস্থান হিসেবেও ভূমিকা পালন করেছে। এবার শিল্পের নবজাগরণের ক্ষেত্রেও বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। জিআরএসই-র সম্প্রসারণমূলক প্রকল্পগুলিকে ঘিরে প্রতিরক্ষা সরঞ্জাম ও জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত একাধিক সহায়ক শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, জিআরএসই-তে পাঁচটি প্রকল্পের ভূমিপুজোর দিনটি পশ্চিমবঙ্গের জন্য তাৎপর্যপূর্ণ। এই প্রকল্পগুলির হাত ধরে দক্ষ ও অদক্ষ—উভয় ক্ষেত্রেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাঁর দাবি, সব মিলিয়ে প্রায় ৩৪০০ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে রাজ্যে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের শিল্পনীতি ও কেন্দ্র-রাজ্য সম্পর্কের তুলনাও টানেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকার কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কাজ করতে অনিচ্ছুক ছিল। তাঁর দাবি, বর্তমান সরকার সেই ‘নেতিবাচক সংস্কৃতি’-র অবসান ঘটিয়ে শিল্প ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করেছে। সীমান্ত সুরক্ষার প্রসঙ্গে তিনি জানান, বিএসএফকে প্রয়োজনীয় জমির প্রায় ৯০ শতাংশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ সংরক্ষণের কথাও উল্লেখ করেন তিনি।

বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো শক্তিশালী করতে আগামী সেপ্টেম্বর থেকে ‘অর্জুন বাহিনী’ গঠনের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে জিআরএসই-তে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাসকে কেন্দ্র করে প্রতিরক্ষা উৎপাদন, শিল্পায়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে নতুন সম্ভাবনার আবহ তৈরি হয়েছে—এমনই বার্তা উঠে এসেছে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের বক্তব্যে।