নিউজপোল ব্যুরো: দীপাবলি মানেই আলোর উৎসব, আনন্দ আর উপহার আদান-প্রদান। কিন্তু সেই উৎসবের সামাজিক অভ্যাসই কি বাড়িয়ে তুলছে দিল্লির বায়ুদূষণ? রাজধানীর ভয়াবহ দূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার দীপাবলির উপহার দেওয়ার সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের মতে, দূষণ কমাতে শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, সমাজের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।
শুক্রবার দিল্লি-এনসিআর এলাকার দূষণ সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, সমাজের বিত্তশালী শ্রেণির মধ্যে দীপাবলিতে উপহার দেওয়া-নেওয়া এখন অনেক ক্ষেত্রে সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি প্রদর্শনের মাধ্যম হয়ে উঠেছে। এই প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
এ দিন দিল্লির গড় বায়ুগুণমান সূচক বা AQI ছিল ৩৮৯। শহরের একাধিক এলাকায় তা ৪০০ পার করে যায়। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধান বিচারপতি আরও বলেন, উৎসবের সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য গাড়ি দিল্লিতে প্রবেশ করে। মাত্র দু’ঘণ্টার জন্য শহরে ঢুকলেও সেই গাড়ির ধোঁয়া পরিবেশের ক্ষতি করছে। অথচ সব গাড়ির দূষণের মাত্রা পরীক্ষা করা কার্যত অসম্ভব।
তাই দিল্লির দূষণ মোকাবিলায় সামাজিক অভ্যাস বদলের উপর জোর দিয়েছে শীর্ষ আদালত।
