নিউজপোল ব্যুরো: দীর্ঘদিনের অশান্তি, বিক্ষোভ আর সংঘাতের আবহে অবশেষে বড় সিদ্ধান্ত নিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) কর্তৃপক্ষ। আপাতত বন্ধ করে দেওয়া হল প্রতিষ্ঠানের দরজা। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্পাস। শুধু পঠন-পাঠন নয়, প্রতিষ্ঠানের সমস্ত স্বাভাবিক কাজকর্মও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, হস্টেলে থাকা সমস্ত পড়ুয়াকে ক্যাম্পাস ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জারি হওয়া বিজ্ঞপ্তিকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়া মহলে।
কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? গত সেপ্টেম্বরের শেষ দিক থেকেই SRFTI-তে অশান্তির সূত্রপাত। অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে প্রতিষ্ঠানের পড়ুয়াদের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। একাধিকবার বিক্ষোভ, প্রতিবাদ এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনাও সামনে আসে। পরিস্থিতি সামাল দিতে একসময় মধ্যরাতে ক্যাম্পাসে প্রবেশ করে বিশাল পুলিশ বাহিনী।
তারপরও থামেনি উত্তেজনা। একদিকে পড়ুয়াদের আন্দোলন, অন্যদিকে কর্তৃপক্ষের সঙ্গে টানাপোড়েন—সব মিলিয়ে স্বাভাবিক ছন্দ হারিয়েছে এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কর্তৃপক্ষের বক্তব্য, পড়ুয়াদের আন্দোলন বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যেই এই পদক্ষেপ। তবে পড়ুয়াদের দাবি, উপাচার্যকে পদত্যাগ করতে হবে। এই অবস্থান থেকেই তৈরি হয়েছে সংঘাতের নতুন সমীকরণ।
