শীতের আমেজ বাড়বে বাংলায়, তবে ভাইফোঁটায় ফের বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা

আবহাওয়া

নিউজপোল ব্যুরো: শুরু হয়েছে শীতের আমেজ। নভেম্বরের শুরুতেই ধীরে ধীরে কমছে তাপমাত্রা, বাতাসে শিশির স্বস্তি ফিরছে ভ্যাপসা গরম থেকে। তবে এই গা শিরশির ঠান্ডা আবহাওয়ার মাঝেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে ভাইফোঁটার সময় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে কালীপুজোয়। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আকাশ কখনও পরিষ্কার, আবার কখনও আংশিক মেঘলা থাকতে পারে। এরই মধ্যে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহান্তে শীতের আমেজ আরও বাড়তে পারে।

তবে এই আবহাওয়ার স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না। সোমবার থেকে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, ভাইফোঁটার সময় ছাতা সঙ্গে রাখাই ভালো।

অন্যদিকে, উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে। শনিবারের মধ্যে সেখানে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। বৃষ্টির বিরতির পর রাজ্যে শীতের আমেজ বাড়বে সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি হতে পারে।