আলোর উৎসবে বাজির বাহার! পদ্মফুল থেকে রাবণ, নতুন চমকে মাতছে বাজার

অন্য রকম পূজা

নিউজপোল ব্যুরো:কালীপুজোর রাত মানেই আলোর ঝলকানি আর উৎসবের উচ্ছ্বাস। সেই উৎসবকে আরও রঙিন করে তুলতে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যজুড়ে। বাজির বাজারে যেমন পুরনো ঐতিহ্যের ছোঁয়া, তেমনই এ বার নজর কাড়ছে বেশ কিছু নতুন চমক। ফুলঝুরি, চরকি থেকে শুরু করে অভিনব পদ্মফুল, গদা ও রাবণ বাজি—সব মিলিয়ে উৎসবের আগে বাজি তৈরির কারখানাগুলিতে এখন ব্যস্ততার শেষ নেই। ক্রেতাদের উৎসাহ আর নতুন বাজির আকর্ষণে জমে উঠেছে বাজার।

কালীপুজো ও দীপাবলির আগে বাজি তৈরির কারখানাগুলিতে এখন ব্যস্ততার শেষ নেই। উৎসবের মরশুমে চাহিদার কথা মাথায় রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কারিগররা। বিভিন্ন ধরনের বাজি তৈরি, প্যাকেটজাত করা এবং বাজারে পৌঁছে দেওয়ার কাজ চলছে জোরকদমে। পুরনো বাজির পাশাপাশি নতুন ধরনের বাজির সংযোজন এবারের বাজারে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। ব্যবসায়ীদের আশা, নতুন বাজির চাহিদা এবং উৎসবের কেনাকাটার জেরে এ বার ভালো ব্যবসা হবে।

তবে সময়ের সঙ্গে বদলেছে বাজি তৈরির নিয়মও। ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের নির্দেশ মেনে নির্দিষ্ট শব্দমাত্রার মধ্যে বাজি তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে বাজারে ফানুস বিক্রিও বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

এক বাজি বিক্রেতার কথায়, “প্রতি বছরই বাজারে নতুন নতুন বাজি আসে। এবারও এসেছে। বাজির বাজার মোটামুটি ভালো।”

সব মিলিয়ে কালীপুজো ও দীপাবলিকে সামনে রেখে নতুন-পুরনো বাজির সম্ভারে জমে উঠেছে উৎসবের বাজার।