নিউজপোল ব্যুরো: ভূত চতুর্দশীর আগেই যেন ভৌতিক আবহে জমে উঠেছে ‘বিগ বস বাংলা’। বাড়ির অন্দরে হঠাৎই হাজির রহস্যময়ী জুলি। তাঁর অট্টহাসিতে কেঁপে উঠল গোটা বাড়ি। সদস্যদের মনে একটাই প্রশ্ন—সত্যিই কি বিগ বসের ঘরে ভূতের অস্তিত্ব রয়েছে? নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনও নতুন চমক?
বাড়ির সদস্যদের জন্য বিশেষ টাস্কের আয়োজন করেছিলেন বিগ বস। জানানো হয়, জুলি এখন থেকে তাঁদের সঙ্গেই এই বাড়িতে থাকবেন। একসময় এই বাড়িতেই নাকি জনকে ভালোবেসেছিলেন তিনি। ফলে বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর বহু স্মৃতি। জুলিকে খুশি রাখার দায়িত্বও দেওয়া হয় সদস্যদের। প্রথমে আয়নায় জুলিকে দেখতে পান নিরঞ্জন। পরে তাঁর হাসি শুনে চমকে ওঠেন মনামী। সব মিলিয়ে বাড়িতে তৈরি হয় গা ছমছমে পরিবেশ।
তবে শেষ পর্যন্ত রহস্যের পর্দা ওঠে। জানা যায়, জুলি আসলে বিগ বসের সাজানো একটি কাল্পনিক চরিত্র। নন্দিনীই জুলির ছদ্মবেশে সিক্রেট রুম থেকে বাড়িতে প্রবেশ করেছেন। তাঁর কণ্ঠস্বরেই এতক্ষণ ভয় পেয়েছেন সদস্যরা। নন্দিনীকে ফিরে পেয়ে রাজবীর-সহ অনেকেই খুশি। তবে জীতু ও সৃজলা বিষয়টি নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ।
এবার দেখার, সিক্রেট রুমে থেকে পাওয়া বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে নন্দিনী আগামী দিনে খেলায় কতটা বদল আনতে পারেন।
