নিউজপোল ব্যুরো: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। পঞ্চায়েত দফতরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শীঘ্রই রাজ্যের পঞ্চায়েত দফতরে প্রায় ৭ হাজার ২০০ শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে দীপাবলির পর বিধানসভায় একটি বিল পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি চুক্তিভিত্তিক আরও এক হাজার কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও সামনে এনেছেন মুখ্যমন্ত্রী।
বুধবার পঞ্চায়েত ভবনে ১২৫ দিনের কাজের অগ্রগতি এবং পঞ্চায়েত দফতরের বিভিন্ন বিষয় নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। রাজ্যে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের কাজ কীভাবে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই ক্ষেত্রে বাংলাকে দেশের মধ্যে প্রথম সারিতে পৌঁছে দেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও সক্রিয় করতে কর্মী নিয়োগ অত্যন্ত জরুরি। তাঁর দাবি, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতিদিন প্রায় ২২ লক্ষ মানুষকে কাজ দেওয়া হচ্ছে। নিয়োগের ক্ষেত্রে কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
পাশাপাশি আগের সরকারের আমলে ৩০ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি হয়েছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সেগুলি বাতিল করে নতুন করে ১০ লক্ষ জব কার্ড দেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরে আগামী দিনে প্রায় ১২ হাজার কোটি টাকার কাজ করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
সব মিলিয়ে পঞ্চায়েত দফতরের নিয়োগ ঘিরে নতুন করে আশার আলো দেখছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা।
