নিউজপোল ব্যুরো: ফের রাজনৈতিক দলবদল ঘিরে চর্চায় রাজ্য রাজনীতি। বসিরহাট উত্তর বিধানসভার মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরিয়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগ দিলেন ১৪ জন পঞ্চায়েত সদস্য ও সদস্যা। তাঁদের সঙ্গে দল ছেড়েছেন একাধিক স্থানীয় নেতৃত্বও। এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এলাকায়।
মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ২৯। তাঁদের মধ্যে ১৪ জনের দলবদল স্থানীয় রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও এই দলবদলের ফলে পঞ্চায়েতের ক্ষমতার সমীকরণ কী দাঁড়াবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
যোগদানকারীদের বক্তব্য, এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের সমস্যা সমাধান, স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির মতো বিষয়গুলিকে তাঁরা অগ্রাধিকার দিতে চান। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনমুখী কাজকর্ম ও নীতির প্রশংসাও করেছেন তাঁরা।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর NCPI-কে ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। অন্যদিকে, ইসলামপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও NCPI-র সংঘর্ষের ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে মুরারিশাহে দলবদল রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।
