নিউজ পোল ব্যুরো:এসএসসি ভবন অভিযান (SSC Abhiyan 2025) ঘিরে চরম উত্তেজনা।আন্দোলনের আগেই বিধাননগর পুলিশ কমিশনারেট প্রকাশ করেছে এক অডিও ক্লিপ,আর তাতেই শোরগোল রাজ্য জুড়ে।পুলিশের দাবি,‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর দুই সদস্যের কথোপকথনে উঠে এসেছে ভয়াবহ পরিকল্পনা।ওই ছয় মিনিটের অডিও ক্লিপে নাকি পুলিশের উপর সকেট বোমা ও পেট্রল বোমা ছোড়া,দেশলাই জ্বালিয়ে আগুন ধরানো,এমনকি এসএসসি পরীক্ষাকেন্দ্রে হামলার মতো হিংসাত্মক বার্তাই শোনা গিয়েছে।এতটাই গুরুতর বিষয় উঠে আসায় পুলিশের তরফে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/17/election-commission-rahul-gandhi-vote-theft-row/
রবিবার সাংবাদিক বৈঠক করে ডিসি বিধাননগর অনীশ সরকার জানান,-কলকাতা হাই কোর্টের নির্দেশ রয়েছে— যেকোনও প্রতিবাদ নির্দিষ্ট জায়গায় করতে হবে।কিন্তু আন্দোলনকারীরা সেই জায়গায় না গিয়ে এসএসসি ভবন অভিযান করতে চাইছেন।তাই অনুমতি দেওয়া হয়নি।তাঁর স্পষ্ট বার্তা,শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের কোনও আপত্তি নেই,তবে হিংসার চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের মতে,হাইকোর্টের নির্দেশ ভঙ্গ করে যেকোনও কর্মসূচি অবৈধ,আর আইনশৃঙ্খলার স্বার্থে তা প্রতিহত করাই তাঁদের কর্তব্য।
অন্যদিকে আন্দোলনকারীরা পুলিশের এই দাবি একেবারেই মানতে নারাজ।‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর সদস্য সুমন বিশ্বাস জানান,-পুলিশের প্রকাশ করা অডিও ক্লিপ ভুয়ো।তাঁর অভিযোগ,এই ক্লিপের মাধ্যমে তাঁদের আন্দোলনকে ভিন্ন পথে চালিত করার চেষ্টা হচ্ছে।তিনি স্পষ্ট ভাষায় বলেন,-তাঁদের আন্দোলন শান্তিপূর্ণ,আইনের বাইরে গিয়ে কোনও কাজ তাঁরা কখনও করেননি,করবেনও না।সুমনের বক্তব্য,-তাঁদের একমাত্র দাবি,কেন দশ বছর পর ফের পরীক্ষা দিতে হবে তা নিয়ে আলোচনা।এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে সেই আলোচনাই তাঁদের উদ্দেশ্য।একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন,১৮ আগস্ট এসএসসি অভিযান হবেই।পুলিশের সহযোগিতা নিয়েই আন্দোলন হবে এবং সমস্ত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের শান্তিপূর্ণভাবে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
এই অডিও ক্লিপ প্রকাশ ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র তরজা শুরু হয়েছে।শাসক দলের একাংশের মতে,আন্দোলনের নামে রাজ্যে অশান্তি তৈরি করার ছক এই ক্লিপেই স্পষ্ট।বিরোধীদের পাল্টা যুক্তি,আন্দোলন দমন করতেই পুলিশ ষড়যন্ত্র করে ভুয়ো প্রমাণ হাজির করছে।তৃণমূলের দাবি,যোগ্য চাকরিপ্রার্থীদের দাবিকে অশান্তির পথে নিয়ে যাওয়া ঠিক নয়।বিজেপির মতে,রাজ্যে চাকরি প্রক্রিয়ার অস্বচ্ছতার জেরেই এ আন্দোলন, আর সেই দায় শাসক দলেরই।অন্যদিকে বামেরা বলছে,চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ভাঙতেই এই ধরনের অডিও সামনে আনা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
একদিকে পুলিশের দাবি,অন্যদিকে আন্দোলনকারীদের খণ্ডন—ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠছে।আদালতের নির্দেশকে হাতিয়ার করে পুলিশ অনুমতি না দিলেও আন্দোলনকারীরা অবস্থানে অনড়।ফলে আগামী ১৮ আগস্ট রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যায়,তার দিকে তাকিয়ে গোটা প্রশাসন।এসএসসি ভবনের (SSC Abhiyan 2025) সামনে রণক্ষেত্রের আবহ তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই।
সব নজর এখন মঙ্গলবারের অভিযানে।রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু—সত্যিই কি ষড়যন্ত্রমূলক অডিও ক্লিপে ভয় দেখিয়ে আন্দোলন ঠেকানো হচ্ছে,নাকি আন্দোলনের আড়ালে বড়সড় অশান্তির ছক কষা হচ্ছে!আগামী কয়েকদিনেই সেই প্রশ্নের উত্তর মিলবে।
