নিউজ পোল ব্যুরো:লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Election Commission vs Rahul Gandhi) অভিযোগের প্রেক্ষিতে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন।রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নাম না করে রাহুলকে নিশানা করেন।তাঁর অভিযোগ,‘ভোটচুরি’র মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে,যা সরাসরি সংবিধানের অপমান।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/17/kolkata-metro-inauguration-august-22-modi-mamata/
জ্ঞানেশ কুমার বলেন,-“কমিশনের ঘাড়ে বন্দুক রেখে জনগণকে নিশানা করে রাজনীতি চলছে।সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।এভাবে মিথ্যাকে সত্যি করা যাবে না।কারও মিথ্যা অভিযোগে নির্বাচন কমিশন ভয় পায় না।”
মুখ্য নির্বাচন কমিশনারের দাবি,নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন হয়।অথচ,তারপরেও অভিযোগ আনা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে।তিনি প্রশ্ন তোলেন,-“এতদিন কেন অভিযোগ করা হয়নি।ভোটের পর ৪৫ দিন পর্যন্ত ফলাফল চ্যালেঞ্জ করার সুযোগ ছিল।সেই সময় কেউ কিছু বলেনি,আর এখন বলা হচ্ছে লোকসভা নির্বাচনে ভোটচুরি হয়েছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
তিনি আরও জানান,-ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে শুরু থেকেই সব রাজনৈতিক দলকে খসড়া তালিকা দেওয়া হয়।অভিযোগ,সংশোধন বা সংযোজনের সুযোগও দেওয়া হয়।সব দিক বিবেচনা করেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
এখানেই শেষ নয়,রাহুল গান্ধীর (Election Commission vs Rahul Gandhi) সাংবাদিক বৈঠকে প্রদর্শিত ছবি ও ভিডিও নিয়েও আপত্তি তোলেন মুখ্য নির্বাচন কমিশনার।তাঁর বক্তব্য,এতে ভোটারদের গোপনীয়তার অধিকার খর্ব হয়,যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী।
তবে তাৎপর্যপূর্ণভাবে,রাহুল গান্ধীর তোলা একাধিক নির্দিষ্ট অভিযোগের কোনওটিরই সরাসরি জবাব এদিন কমিশন দেয়নি।শুধু ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়ার সামগ্রিক নিয়ম-কানুনের কথা তুলে ধরে কমিশন দাবি করেছে,তাদের কাজ একেবারেই নিরপেক্ষ ও স্বচ্ছ।এর ফলে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক ছড়িয়েছে।বিরোধী শিবিরের দাবি,কমিশন আসল প্রশ্নগুলিকে এড়িয়ে যাচ্ছে এবং সরকারের প্রতি নরম সুরে কথা বলছে।অন্যদিকে কমিশনের বক্তব্য,তারা কেবলমাত্র সংবিধান ও আইন অনুযায়ী কাজ করে, কোনও রাজনৈতিক চাপ তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,এই ঘটনা আবারও সামনে নিয়ে এল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক।বিরোধীরা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও কমিশনের দাবি,দেশের গণতান্ত্রিক কাঠামো রক্ষার জন্য নির্বাচন প্রক্রিয়া সবসময়ই যথাযথভাবে সম্পন্ন হয়।তবে,রাহুল গান্ধীর অভিযোগ ও কমিশনের জবাব—এই দ্বন্দ্ব যে আগামী দিনে জাতীয় রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে, তা বলাই বাহুল্য।
