Monsoon: বর্ষায় ডালের কৌটো পোকায় ভরে যাচ্ছে? ঘরোয়া ৩ কৌশলেই মিলবে সমাধান

Life style

নিউজ পোল ব্যুরো: বর্ষাকালে (Monsoon) রান্নাঘরে সবচেয়ে বড় সমস্যা হয় খাবারদাবার সঠিক ভাবে সংরক্ষণ করা নিয়ে। বিশেষ করে ডাল, মটর, ছোলা বা অন্যান্য শুকনো খাদ্যদ্রব্য এই সময় সহজেই পোকায় ভরে যায়। অনেকেই মাসের বাজার একবারে করে রাখেন। তখন তো আরও বিপদ। রোদ না থাকলে এক বার পোকা ধরলে তা শুকনো করা বা নতুন করে ব্যবহার করা কার্যত অসম্ভব হয়ে ওঠে। তবে ঘরে বসেই কয়েকটি সহজ কৌশল মানলেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়।

আরও পড়ুন: Gas Flame: গ্যাসের শিখার রং বদলে গেলে কী বিপদ হতে পারে? জানুন

আর্দ্র আবহাওয়া বর্ষার প্রধান বৈশিষ্ট্য। এই সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকার ফলে শস্যদানা বা ডাল সহজে স্যাঁতসেঁতে হয়ে যায়। ফলে সেখানে দ্রুত পোকা ধরতে শুরু করে। অনেক সময় ফ্রিজে রেখে সমস্যা কিছুটা এড়ানো গেলেও সব ধরনের ডাল বা ছোলা একসঙ্গে ফ্রিজে রাখা যায় না। তাই ঘরোয়া কৌশলই হয়ে ওঠে সেরা ভরসা।
ডালকে পোকামুক্ত রাখার ঘরোয়া টোটকা
১) নিমপাতা:
নিমের ব্যবহার বহু পুরনো। যেমন শরীরের যত্নে কার্যকর, তেমনি রান্নাঘরের সমস্যারও সমাধান করে নিমপাতা। ডালের কৌটোয় অল্প কিছু নিমপাতা রেখে দিলেই পোকামাকড় দূরে থাকবে। নিমের ঝাঁঝালো গন্ধে তারা ডালের কাছে ভিড়তেই পারবে না।

২) লবঙ্গ:
শুধু ওষুধি গুণেই নয়, রান্নাঘরের অজস্র সমস্যার সমাধানেও লবঙ্গ কার্যকর। ডাল সংরক্ষণের সময় কৌটোয় ৮-১০টি লবঙ্গ ফেলে রাখুন। এতে শুধু ডাল দীর্ঘদিন সতেজই থাকবে না, পোকামাকড়ও ধারে কাছে ঘেঁষবে না।

৩) শুকনো লঙ্কা:
প্রায় প্রতিটি ঘরেই পাওয়া যায় শুকনো লঙ্কা। রান্নায় ঝাঁঝ বাড়ানোর পাশাপাশি ডালকে পোকামুক্ত রাখতেও এটি অত্যন্ত উপযোগী। ডালের কৌটোয় ২-৩টি শুকনো লঙ্কা ফেলে রাখলে পোকারা কাছে ঘেঁষবে না। লঙ্কার ঝাঁঝালো গন্ধে তারা সরে যাবে।

বর্ষায় (Monsoon) ডালের কৌটোতে পোকা ধরার সমস্যা সত্যিই ভোগায়। তবে নিমপাতা, লবঙ্গ কিংবা শুকনো লঙ্কার মতো সহজলভ্য উপাদান ব্যবহার করলে রান্নাঘরের এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কোনও রাসায়নিক ব্যবহার না করে একেবারে ঘরোয়া কায়দাতেই ডালকে সতেজ ও পোকামুক্ত রাখা যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole