Hydration Tips: দুর্গাপুজোয় মণ্ডপে ঘুরে জলের ঘাটতি? জেনে নিন কোন পানীয় রাখবে শরীর সুস্থ

Life style

নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজোর চার দিন মানেই শহরের রাস্তায় ভিড়, আলোকসজ্জা আর মণ্ডপ পরিক্রমা। বৃষ্টি হোক কিংবা রোদ্দুর, ঠাকুর দেখা ছাড়া উৎসবের আনন্দ অসম্পূর্ণ। কিন্তু ভিড়, গরম আর ঠেলাঠেলিতে ঘেমে-নেয়ে শরীরে জলশূন্যতা দেখা দিতে পারে সহজেই। মাথা ঘোরা, ক্লান্তি কিংবা হঠাৎ অসুস্থ হয়ে পড়া— সবই হতে পারে জলের অভাবে। তাই এই সময়ে শরীর আর্দ্র রাখা (Hydratiom Tips) অত্যন্ত জরুরি। তবে প্রশ্ন হচ্ছে, কোন পানীয় বেছে নিলে সুস্থ থাকা যাবে সহজে?

আরও পড়ুন: IEM 3D Printing Lab : ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির হাত ধরাধরি, IEM-এর পুজোয় পরিবেশবান্ধব দুর্গা প্রতিমা

ফলের রস

পুজোর ভিড়ে হাঁটাহাঁটি শেষে অনেকে রাস্তার রংবাহারি শরবত খেলেও তা মোটেই স্বাস্থ্যকর নয়। বরং বেছে নিন টাটকা ফলের রস। আনারস, তরমুজ বা মুসম্বি— যে কোনও রসেই শরীর পায় জল ও প্রাকৃতিক শর্করা। এগুলো শরীরকে শুধু আর্দ্রই রাখে না, দ্রুত ক্লান্তি কাটাতেও সাহায্য করে।

দই-ভিত্তিক পানীয়

গরমে শরীর ঠান্ডা রাখতে লস্যি বা ঘোল দুর্দান্ত উপকারী। দইয়ের প্রোবায়োটিক পেট ভালো রাখে এবং হজম শক্তিও বাড়ায়। তবে অবশ্যই পরিচ্ছন্ন জায়গা থেকে কিনতে হবে। নোংরা পরিবেশে তৈরি লস্যি খেলে সংক্রমণের ভয় থেকে যায়।

ডাবের জল

গরমে শরীর আর্দ্র রাখতে সবচেয়ে ভালো উপায় ডাবের জল। এতে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান থাকে, যা শরীরকে দ্রুত চাঙ্গা করে তোলে। নিয়মিত ডাবের জল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণেও উপকার মেলে।

স্যুপ

মণ্ডপ ঘুরে রেস্তরাঁয় খেতে গেলে মেনুতে রাখুন স্যুপ। সবজি কিংবা মাংস দিয়ে তৈরি স্যুপ শরীরের জলের ঘাটতি মেটায়, সেই সঙ্গে প্রোটিন ও ভিটামিন-খনিজও সরবরাহ করে। ঠান্ডা লাগা বা ক্লান্তি কমাতেও উষ্ণ স্যুপ কার্যকর।

ভেষজ চা

বাড়ি থেকে বেরোনোর আগে বা রাতে ফেরার পর ভেষজ চায়ে চুমুক দিতে পারেন। আদা, পুদিনা বা পাতিলেবুর মতো উপাদান মিশিয়ে বানানো এই চা শরীরে জল সরবরাহ করে, আবার শরীরকে হালকা ও সতেজ রাখে।

কী এড়াবেন?

অনেকেই তেষ্টা মেটাতে কার্বনেটেড পানীয় বেছে নেন। কিন্তু এই পানীয় শরীরকে হাইড্রেট না করে বরং ক্ষতি করে বেশি। তাছাড়া রাস্তার ধারের শরবতও স্বাস্থ্যকর নয়।

শেষ পরামর্শ

যেখানেই যান না কেন, সঙ্গে অবশ্যই একটি জলের বোতল রাখুন। একটু-অল্প করে বারবার জল খেলে শরীর আর্দ্র থাকবে (Hydratiom Tips) এবং পুজোর ভিড়, গরম কিংবা ক্লান্তি সত্ত্বেও মন ভরে উপভোগ করতে পারবেন দুর্গাপুজোর আনন্দ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole