ছ’বছর আগের হামলার তদন্তে নয়া মোড়! গ্রেফতার মগরাহাট পশ্চিমের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৎকালীন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার গ্রেফতার হলেন মগরাহাট পশ্চিমের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান। বুধবার সন্ধ্যায় ইমরান হাসানকে দেউলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করে উস্তি থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করার কথা। এই গ্রেফতারির ফলে মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।

২০২০ সালের ১০ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ ওঠে। শিরাকোল মোড়, ফলতা-সহ একাধিক এলাকায় নেতাদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি ও লাঠি ছোড়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় দিলীপ ঘোষের গাড়ি। আহত হন কৈলাস বিজয়বর্গীয়।

গত ১৪ জুন মামলার তদন্তে নতুন করে তৎপরতা শুরু হয়। প্রথমে তৌসিফ আহমেদ, আরিফ হোসেন ও আনিসুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জেরা করে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের দাবি করা হয়। পরে এই মামলায় যুক্ত করা হয় ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে।

এবার ইমরান হাসানের গ্রেফতারিতে তদন্তে নতুন মাত্রা যোগ হল। হামলার নেপথ্যে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।