ঘাসফুল কি এবার হাতছাড়া? নির্বাচন কমিশনে ঋতব্রতের দাবি, এবার কি হারাবে ঘাসফুল প্রতীক?

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলকে ঘিরে নতুন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। দলের নাম, প্রতীক এবং সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে নতুন চেয়ারম্যান ও জাতীয় কর্মসমিতি নির্বাচন করা হয়েছে। সেই সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় নথি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে দলকে কিছু প্রভাবশালী আমলা ও নির্দিষ্ট গোষ্ঠী নিয়ন্ত্রণ করছিল, যার ফলে দল পারিবারিক রূপ নিয়েছিল। অন্যদিকে, ঋতব্রত শিবিরের নেতা সন্দীপন সাহার দাবি, রাজ্যের অধিকাংশ বিধায়ক তাঁদের সঙ্গে রয়েছেন। যদিও এই দাবির সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত হয়নি। নির্বাচন কমিশনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি।

এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে— তৃণমূল কংগ্রেসের নাম, ঘাসফুল প্রতীক এবং দলের সাংগঠনিক অধিকার শেষ পর্যন্ত কার হাতে থাকবে? নির্বাচন কমিশন সব নথি খতিয়ে দেখে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেই জানা গেছে। এখন রাজনৈতিক মহলের নজর সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে। কমিশনের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে দলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক কোন দিকে মোড় নেয়।