নিউজপোল ব্যুরো: রাজ্যের কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চাষের খরচ বাড়লেও উৎপাদিত ফসলের উপযুক্ত দাম না মেলায় দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়ছেন কৃষকরা। বিশেষ করে আলুচাষিদের লোকসানের অভিযোগ বারবার সামনে এসেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার হুগলি জেলায় গিয়ে কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু জানান, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তাঁর দাবি, ডবল ইঞ্জিন সরকারের সুফলে এতদিন ৬ হাজার টাকার পরিবর্তে এবার বছরে ৯ হাজার টাকা পাবেন কৃষকরা।
পাশাপাশি, রাজ্যের ৪৬ লক্ষ ৪৭ হাজার কৃষককে দু’কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং বর্ধমানের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরাও এই সহায়তার আওতায় আসবেন।
মুখ্যমন্ত্রী জানান, বন্যায় বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে ১ লক্ষ ৮০ হাজার টাকা, আংশিক ক্ষতির ক্ষেত্রে ৯০ হাজার টাকা এবং সামান্য ক্ষতির জন্য ৪ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্পেও চারটি জেলাকে যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে কৃষকদের আর্থিক সুরাহা দিতে একাধিক পদক্ষেপের কথা জানালেন শুভেন্দু অধিকারী।
