WB Election 2026: ভোটের আগে ফের পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল, ১২ এসপি সহ ডিসি বদল কমিশনের

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে (WB Election 2026)। নির্বাচন কমিশনের নির্দেশে একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি হওয়ায় প্রশাসনিক মহল থেকে রাজনৈতিক মহল সব জায়গাতেই জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, এক ধাক্কায় রাজ্যের প্রায় এক ডজন জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশের (Kolkata Police) ডিসি (সেন্ট্রাল) পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ইন্দিরা মুখোপাধ্যায়কে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে। এই পরিবর্তনকে অনেকেই নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে দেখছেন (WB Election 2026)।

আরও পড়ুন : Stand-Up India : স্ট্যান্ড-আপ ইন্ডিয়া প্রকল্প নতুন রূপে ফের চালু করতে চলেছে কেন্দ্র!

মাত্র ২৪ ঘণ্টা আগেই নির্বাচন কমিশন রাজ্যের ডিজি পীযূষ পাণ্ডেকে বদলির নির্দেশ দেয়। একই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার পদেও পরিবর্তন আনা হয়। তার পরপরই নতুন করে এই ব্যাপক রদবদলের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ঘটনাপ্রবাহ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। জেলা স্তরেও বড় পরিবর্তন এসেছে। বীরভূমে নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইপিএস সূর্যপ্রতাপ যাদব। কোচবিহারে দায়িত্বে এসেছেন জসপ্রীত সিংহ। বারাসতে পুষ্পা নতুন এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ডায়মন্ড হারবারে বিশপ সরকারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ঈশানী পালকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এছাড়া মুর্শিদাবাদে ধৃতিমান সরকারের বদলে দায়িত্ব পেয়েছেন সচিন, বসিরহাটে আরিশ বিলালের পরিবর্তে এসেছেন অলকানন্দা ভোয়াল। মালদহে প্রদীপকুমার যাদবের জায়গায় দায়িত্ব নিয়েছেন অনুপম সিংহ। পূর্ব মেদিনীপুরেও পরিবর্তন এনে পারিজাত বিশ্বাসকে সরিয়ে অংশুমান সাহাকে নতুন এসপি করা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে রাখতে এবং প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এত স্বল্প সময়ে ধারাবাহিকভাবে শীর্ষস্তরের বদলি প্রশাসনিক কাজের গতিতেও প্রভাব ফেলতে পারে বলে মত অনেকের। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ভোটের আগে এই রদবদল কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে এখন জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে (WB Election 2026)।