পার্টি অফিসে কোটি টাকার হদিস, তদন্তে নতুন মোড়! ষড়যন্ত্রের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: তৃনমূলের দুর্নীতি রাজ্য রাজনীতিতে নতুন নয়। এবার ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বুধবার সরিষার একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে।

পুলিশ সূত্রে খবর, মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের ওই পার্টি অফিস থেকে টাকা উদ্ধার হয়েছে। অভিষেকের ব্যক্তিগত সহকারী সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের পরই এই নগদের সন্ধান পায় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ টাকা। বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার।

অভিষেকের দাবি, ছ’মাস আগে বিজেপির হামলায় ক্ষতিগ্রস্ত ওই জায়গাটিকে পরবর্তীতে পুলিশ অপরাধের আশ্রয় হিসেবে চিহ্নিত করেছিল। সেখানে পরিকল্পিতভাবে জাল প্রমাণ সাজিয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তাঁর। এক্স হ্যান্ডেলে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, প্রমাণ জাল করা কিংবা ক্ষমতার অপব্যবহারের ঘটনায় সংশ্লিষ্টদের ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকতে হবে।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে অভিষেককে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, উদ্ধার হওয়া টাকা নস্যি। বেনামে জমি কেনার অভিযোগও তুলেছেন তিনি। ফলে নগদ উদ্ধারের ঘটনাকে ঘিরে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে।