Babul Supriyo: “রাজনীতি আমার নয়, সুরই আমার জীবন”- বাবুলের আবেগঘন পোস্টে জল্পনা তুঙ্গে!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: রাজনীতির সঙ্গে দীর্ঘ জার্নির শেষ অধ্যায় কি তাহলে শুরু হয়ে গেল বাবুল সুপ্রিয় ? সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে ব্যাপক আলোচনার কেন্দ্রে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। শুধুমাত্র ক্যাজুয়ালি গাওয়া একটি গান, যা ৪৮ ঘণ্টায় ১.৬৩ লক্ষ ভিউ, ১৩ হাজারের বেশি লাইক এবং ৭০০-রও বেশি শেয়ার পেয়েছে। সেই গান ঘিরেই বাবুলের মনে দোলা দিয়েছে পুরনো সুরের ঝাঁপি।

আরও পড়ুন:U.S. Universities: মার্কিন বিশ্ববিদ্যালয়গুলি কেন ভারত ও উপসাগরীয় অঞ্চলে ক্যাম্পাস খুলছে?

নিজের দীর্ঘ ফেসবুক পোস্টে বাবুল (Babul Supriyo) লিখেছেন, “আমি একজন আকস্মিক রাজনীতিক। কখনও ভাবিনি রাজনীতি আমার জীবনের অংশ হবে। সঙ্গীত ছেড়ে নয়, বরং চ্যালেঞ্জ নিয়ে রাজনীতিতে এসেছিলাম। এমপি পদ জেতার পর আমি শুধু চেষ্টা করেছি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে।” পোস্টে তিনি বলেন, বহু মানুষ তাঁর গাওয়া গান শোনার পর ব্যক্তিগত বার্তায় বা মন্তব্যে অত্যন্ত স্নেহের সঙ্গে অনুরোধ করেছেন, রাজনীতি ছেড়ে দিন, আবার গানে মন দিন। এ প্রসঙ্গে বাবুল লেখেন, “এই কথাগুলো যেন পরিবারের কেউ হৃদয় দিয়ে বলছে। তাই রাত জেগে ভাবছি, সত্যিই কি সময় এসে গিয়েছে রাজনীতি থেকে বিদায় নেওয়ার?”

রাজনীতিতে নিজের অবস্থান নিয়ে খোলাখুলি মন্তব্য করে বাবুল (Babul Supriyo) লেখেন, “আমি রাজনীতি ভালোবাসি না, রাজনীতির অনেক কিছু আমার স্বভাবের পরিপন্থী। তবু কাজের প্রতি নিষ্ঠা বজায় রেখে নিজের সাধ্যমতো চেষ্টা করেছি, বিশেষ করে আসানসোল কেন্দ্রের উন্নয়নে। মুখ্যমন্ত্রীর সাহায্যে পূর্ব-পশ্চিম মেট্রো প্রকল্পের মতো বড় কাজ সফল করেছি। কিন্তু এই ক্ষেত্র ‘থ্যাঙ্কলেস’।” তিনি জানান, সরকারিভাবে কাজের স্বীকৃতি ও মানুষের আন্তরিকতা খুবই বিরল। “একদিকে যখন আইটি হাবের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, অন্যদিকে একই দিনে মানুষ আমাকে ভালোবাসা দিয়ে বলছেন রাজনীতি ছেড়ে দিন।” তাঁর মতে, রাজনীতির কোলাহল কখনও তাঁর সঙ্গীতকে স্পর্শ করতে পারেনি। “সঙ্গীত আমার ঈশ্বরের সঙ্গে সংযোগ, আত্মার সঙ্গে বন্ধন। আমি কখনও সেটিকে রাজনীতির শব্দে নষ্ট হতে দিইনি,”।

এই আবেগঘন পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে তাঁকে সংগীতজগতে পূর্ণভাবে ফিরে আসার আবেদন জানিয়েছেন। আবার অনেকেই লিখেছেন, “আপনার মতো সৎ ও স্বচ্ছ মানুষই রাজনীতিতে থাকা উচিত।” এই মুহূর্তে বাবুল নিজেও দ্বিধায়। পোস্টের শেষ লাইনে তিনি লেখেন, “সময়ই উত্তর দেবে। আপাতত ঘুম দরকার, কারণ ভোরে ফ্লাইট ধরতে হবে…” তাহলে কি বাবুল সুপ্রিয়র রাজনীতিতে পথচলার শেষ পর্ব শুরু হল? নাকি সুরের জগতে ফিরে আবারও উপহার দেবেন একের পর এক মন জয় করা গান? উত্তর হয়তো দেবে সময়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT