Raj-Subhashree: রাজ শুভশ্রীর ছেলে ইউভান পা দিল পাঁচে, রাজকীয় জন্মদিনে নজর কাড়ল ‘ছোট্ট রাজপুত্র’

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ২০২০ সালের সেপ্টেম্বর, করোনা লকডাউনের কঠিন সময়ে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) জীবনে আসে তাঁদের (Raj-Subhashree) প্রথম সন্তান ইউভান (Yuvaan)। জন্মের পর থেকেই যেন তিনি সেলেব্রিটি সন্তানদের তালিকায় আলাদা জায়গা করে নেন। পাঁচ বছরের মাথায় এখন ইউভানের জনপ্রিয়তা একেবারেই বলিউডের তৈমুর (Taimur) বা রাহার (Raha) মতো। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছোট্ট ছোট্ট মুহূর্ত ভাগ করে নেন বাবা-মা, আর সেগুলি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ১২ সেপ্টেম্বর ইউভানের পাঁচ বছরের জন্মদিন ঘিরে তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস ছিল তুঙ্গে।

আরও পড়ুন:Disha Patani: দিশা পটানির বাড়িতে গুলি, নেপথ্যে গোল্ডি ব্রার! হিন্দু ধর্ম অপমানের অভিযোগে সাবধানবাণী

জন্মদিনে স্কুল কামাই করেনি ছোট্ট ইউভান (Yuvaan)। বরং প্রতিদিনের মতোই হাজির হয়েছিল দ্য হেরিটেজ স্কুলে (The Heritage School)। বাবা রাজ জানিয়েছেন, স্কুলে যাওয়া ইউভানের খুব প্রিয় কাজ। জন্মদিনে সে স্কুলে গিয়েছিল বন্ধুদের জন্য বিশেষ উপহার নিয়ে। সন্ধ্যায় পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আয়োজন হয়েছিল ছোট্ট কিন্তু সাজানো-গোছানো জন্মদিনের পার্টি।

এই বছরের জন্মদিনের থিম ছিল ‘সোনিক’। ইউভানের পছন্দের চরিত্র ও অ্যাভেঞ্জারদের আদলে সাজানো হয়েছিল গোটা আয়োজন। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউভান (Yuvaan) পরেছিল কালো বর্ডার দেওয়া সাদা গেঞ্জি আর কালো প্যান্ট। আর জন্মদিনের কেক ছিল নীল, লাল ও সোনালি রঙের তিন তলার বিশেষ কেক। শুভশ্রী মেয়েকে কোলে নিয়ে ছেলের কেক কাটার মুহূর্তে ছিলেন উচ্ছ্বসিত, আর রাজও সপরিবারে যোগ দিয়েছিলেন সেই আনন্দে।

ইয়ালিনি (Yalini), পরিবারের ছোট্ট সদস্য, এদিনও নজর কাড়ে। মাত্র দু’বছরের হলেও দাদার জন্মদিন নিয়ে ছিল তার প্রবল উত্তেজনা। দাদার মতো একই রঙের পোশাকে সাজানো ইয়ালিনি আধো আধো স্বরে দাদাকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে মুগ্ধ করেছে। রাজ সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের ছবি ভাগ করে নিলেন। রাজ–শুভশ্রীর ছোট্ট সংসারে তাই জন্মদিনের এই উদযাপন শুধু ইউভানের নয়, ছিল পরিবারেরও এক আনন্দঘন মুহূর্ত। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই আনন্দে শরিক হয়েছেন অসংখ্য ভক্ত–অনুরাগীও। পাঁচ বছরে পা দিয়ে নতুন পথচলায় ছোট্ট রাজপুত্রের জীবন আরও রঙিন হয়ে উঠুক, এমনই শুভকামনা ভক্তদের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole