Disha Patani: দিশা পটানির বাড়িতে গুলি, নেপথ্যে গোল্ডি ব্রার! হিন্দু ধর্ম অপমানের অভিযোগে সাবধানবাণী

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: গত বছর সলমন খানের (Salman Khan) বাড়িতে গুলি চলেছিল, আর সেই ঘটনার দায় স্বীকার করেছিল লরেন্স বিশ্নোই গ্যাং। এ বার ফের সেই আতঙ্কের ছায়া বলিউডে। অভিনেত্রী দিশা পটানির (Disha Patani) বাড়ির সামনে ভোররাতে চলল গুলি। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর প্রায় ৩টে নাগাদ উত্তরপ্রদেশের (UP) বরেলীতে (Bareli) অবস্থিত দিশার বাড়ির বাইরে মোটরবাইকে করে আসা দুই অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়। সৌভাগ্যবশত, এতে কেউ আহত হননি।

আরও পড়ুন:Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীমৃত্যু! নিরাপত্তাহীনতায় সরব অধ্যাপক সমাজ

ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার (Goldy Brar)। তাঁর দাবি, দিশার দিদি খুশবু পটানি (Khushboo Patani) হিন্দু ধর্মকে অপমান করেছেন। খুশবু সম্প্রতি দুই আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ (Premanand Maharaj) ও অনিরুদ্ধ আচার্য (Aniruddha Acharyaa) কে প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন। গোল্ডির বক্তব্য, এটি ছিল একটি সাবধানবাণী মাত্র, যাতে ভবিষ্যতে ধর্ম নিয়ে এ ধরনের অসম্মানজনক মন্তব্য আর না করা হয়।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। প্রাক্তন সেনা আধিকারিক খুশবু পটানি সমাজমাধ্যমে বেশ সক্রিয়। সম্প্রতি অনিরুদ্ধ আচার্য এক ধর্মীয় সভায় আধুনিক যুগের সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, আজকের দিনে ২৫ বছরের আশপাশে যেসব মহিলাদের খোঁজ করেন পুরুষেরা, তাঁদের অনেকেরই একাধিক সম্পর্কের অভিজ্ঞতা থেকে যায়। আচার্যের এই মন্তব্যকে ‘নারীবিদ্বেষী’ আখ্যা দেন খুশবু। তিনি ক্ষোভ উগরে দিয়ে অনিরুদ্ধ আচার্যকে ‘দেশদ্রোহী’, এমনকি ‘নপুংসক’ বলেও কটাক্ষ করেন। খুশবুর কথায়, “এই লোকটা আমার সামনে থাকলে আমি ওকে বুঝিয়ে দিতাম। সমাজের যত নপুংসক আছে, তারাই এই লোককে সমর্থন করে।” এখানেই শেষ নয়, প্রেমানন্দ মহারাজকে নিয়েও তীব্র আক্রমণ করেন খুশবু।

এই আক্রমণকেই হিন্দু ধর্মের অপমান বলে দাবি করছে গোল্ডি ব্রারের গ্যাং। দিশা (Disha Patani) ও তাঁর পরিবারের উদ্দেশে এই গুলি চালানো হয়েছে সতর্কবার্তা হিসেবে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বলিউড থেকে বরেলী পর্যন্ত। ইতিমধ্যেই পুলিশ দিশার (Disha Patani) পরিবারের নিরাপত্তা জোরদার করেছে। অভিনেত্রীর বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী।

সলমন খানের পর দিশার (Disha Patani) পরিবারকে নিশানা করায় আতঙ্কিত বিনোদন জগত। খুশবুর মন্তব্য ঘিরে বিতর্ক যেমন তীব্র হচ্ছে, তেমনি আবারও সক্রিয় হয়ে উঠেছে বিশ্নোই গ্যাং এর সন্ত্রাসী ছায়া। এই ঘটনা নিঃসন্দেহে বলিউড তারকাদের নিরাপত্তা ঘিরে নতুন প্রশ্ন তুলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole