সঙ্গীতা ঘোড়ুই : বাড়ির বারান্দা (Balcony Gardening) বা ছাদে (Terrace Garden) যদি রঙিন ফুলে ভরে তুলতে চান, তবে নাইন ও’ক্লক (Nine O’Clock Flower) এক দারুণ পছন্দ হতে পারে। এই ফুলের বৈশিষ্ট্যই হল, এটি নির্দিষ্ট সময় ধরে ফোটে। সকাল ঠিক ৯টায় টবভর্তি গাছে একসঙ্গে ফুটে ওঠে গোলাপি, হলুদ বা ধবধবে সাদা ফুল। ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখলে দিনের শুরুই হয়ে যায় এক অন্যরকম উচ্ছ্বাসে। শুধু নাইন ও’ক্লক নয়, আরও আছে ফোর ও’ক্লক ফুল, যা ভোর ৪টের সময় ফোটে।

আরও পড়ুন: Fashion Tips : পুজোয় কোন ব্লাউজে মানাবে আপনার শাড়ি? জেনে নিন সাজের সঠিক টিপস
এই গাছ লাগানোর জন্য মাটি (Potting Soil) তৈরি করতে হবে এমনভাবে, যাতে জল নিকাশের ব্যবস্থা (Drainage) ভাল হয়। একেবারে কাদামাটির মতো ভারী না করে হালকা দোআঁশ বা কাঁকুড়ে মাটিই আদর্শ। টবের নিচে ছোট ছোট ছিদ্র রাখলে অতিরিক্ত জল বেরিয়ে যেতে সুবিধা হবে। মাটির উপর শুকনো বালি ছড়িয়ে দিলে গাছ আরও ভাল বাড়বে। রাসায়নিক সারের বদলে জৈব সার (Organic Fertilizer) ব্যবহার করলে ফুলের ফলন দ্বিগুণ হবে।

জল দেওয়ার নিয়মও খুব কঠিন নয়। রোজ সকালে বা বিকেলে একবার জল দিলেই গাছ টিকে থাকে। এক আধ দিন জল না পেলেও গাছ শুকিয়ে যায় না। তবে পর্যাপ্ত সূর্যের আলো (Sunlight) চাই। দিনে অন্তত পাঁচ থেকে ছয় ঘণ্টা রোদে রাখলে গাছে রঙিন ফুলে ভরে উঠবে।

এই গাছ সাধারণত ৬ থেকে ৮ ইঞ্চির বেশি লম্বা হয় না, তবে ঝাঁকড়া হয়ে টব ভর্তি করে তোলে। তাই বারান্দা বা ছাদে একটু বেশি জায়গায় রাখাই ভাল। ফুলের ফলন বাড়াতে নিয়মিত ছাঁটাই (Pruning) দরকার। শুকনো বা অতিরিক্ত ডালপালা কেটে ফেললে গাছের আকৃতি সুন্দর হয় এবং নতুন ফুলও দ্রুত ফোটে।

পোকামাকড়ের আক্রমণ (Pest Control) এই গাছে খুব একটা হয় না। তবুও প্রতি তিন-চার দিন অন্তর অল্প সার দিন ও হালকা কীটনাশক স্প্রে করলে গাছ একেবারেই সুস্থ থাকবে। অল্প যত্নে এত রঙবেরঙের ফুল (Flower Plant Care) প্রতিদিন ঘড়ির কাঁটা ধরে ফুটতে থাকলে, আপনার বারান্দাই হয়ে উঠবে ছোট্ট রঙিন বাগান।
