নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে বড় সিদ্ধান্ত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্যালেস্টাইনকে (Palestine) স্বীকৃত রাষ্ট্র হিসেবে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ভোট পড়ল এবং সেই ভোটে সমর্থনের পক্ষেই সায় দিল ভারত (India)। শুক্রবার অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ অধিবেশনে ১৪২টি দেশের সমর্থন নিয়ে গৃহীত হল প্রস্তাবটি। বিশ্ব রাজনীতির মানচিত্রে এটিকে এক ঐতিহাসিক পদক্ষেপ বলেই মানছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
ভারতের মতো গুরুত্বপূর্ণ দেশের পক্ষে ভোট দেওয়া নিঃসন্দেহে একটি কূটনৈতিক বার্তা। যেখানে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকেই সমর্থন জানানো হয়েছে। ওই প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, ইজরায়েল ও প্যালেস্টাইনের (Palestine) দীর্ঘমেয়াদী সংঘাতের ইতি টানতে হলে দ্বি-রাষ্ট্রীয় মডেলই একমাত্র পথ। তবে সবাই যে একমত, তা নয়। এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে আমেরিকা, ইজরায়েল, আর্জেন্টিনা, হাঙ্গেরি-সহ মাত্র ১০টি দেশ। বিরত থেকেছে ১২টি রাষ্ট্র। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে দিয়েছে, আন্তর্জাতিক জনমত আজ প্যালেস্টাইনের পাশে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইজরায়েল (Israel) হামলার পর থেকেই গাজায় চলছে ইজরায়েলি বাহিনীর তাণ্ডব। বহু শিশু-সহ প্রায় ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভেঙে পড়েছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, জলের লাইন ও বিদ্যুৎ ব্যবস্থা। গাজা যেন এক জীবন্ত ধ্বংসস্তূপ। অনাহার আর বোমার আঘাতে নরকে পরিণত হয়েছে এক সময়ের জনবহুল শহর।রাষ্ট্রসংঘে পাশ হওয়া প্রস্তাবে শুধু স্বীকৃতি নয়, বলা হয়েছে— গাজাকে হামাসমুক্ত করার কথা, এবং একটি সার্বভৌম, স্বাধীন, শান্তিপূর্ণ প্যালেস্টাইন (Palestine) রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার কথা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
