West Bengal Assembly Election 2026 : ‘মার খাবেন না, মারার জন্য তৈরি হয়ে যান’, আদি-নব্য দ্বন্দ্ব নিয়ে বিজেপি কর্মীদের বার্তা সুকান্তের

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আগামী বছরেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। সেই ভোটের আগে সভাপতি পেয়ে গিয়েছে বিজেপি (BJP)। নীলবাড়ি দখলের লড়াইয়ে বিজেপিকে নেতৃত্ব দেবেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) । নতুন বিজেপির রাজ্য সভাপতির হাতে বড় দায়িত্ব তুলে দিয়েছেন সদ্য প্রাক্তন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তবে রাজ্য সভাপতির পদে না থাকেও সুকান্ত বললেন, “আজ-কাল যবেই আসুন না কেন, দলের পতাকা হাতে থাকা সকলেই বিজেপি।” সেই সঙ্গেই দিয়েছেন আগামী নির্বাচনে বাংলা থেকে তৃণমূল (TMC) সরকারকে উৎখাতের ডাক। শমীককে সম্বর্ধনা জানানোর অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়েই জানিয়ে দিয়েছেন আগামী বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে মুখ্যমন্ত্রীর আসনে কে বসবেন।

ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে বলাই যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার ডাক দিয়ে সুকান্ত বলেন, “২০২১ সালে তৃণমূল একটা ধাক্কা দিয়ে বলেছিল, বিজেপি ফিনিশ। সেই তৃণমূল আজ বুঝতে পারছে, বিজেপি কী জিনিস। এবার দেখানোর সময় এসেছে। ২০২৬ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে ফেলব আমরা। মমতার জায়গায় বিজেপি-র মুখ্যমন্ত্রী আসনে বসবেন।” সুকান্ত আরও বলেছেন, “২০২১ সালের পর লড়াই সহজ ছিল না। বাড়িঘর পুড়িয়ে দেওয়া, ধর্ষণ, এসবে সাময়িক স্তম্ভিত হয়ে গিয়েছিলেন আমাদের কর্মীরা। কিন্তু কোমর বেঁধে পাল্টা লড়াই শুরু হয়। ২০২৬ সালে পাল্টা লড়াই হবে। একটি ঢিল খেলে, পাটকেল মারতে হবে। মার খাবেন না, মারার জন্য তৈরি হয়ে যান।” এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির নিশানায় ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কড়া সুরে বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং তৃণমূল কোথায় নিয়ে গিয়েছে বাংলাকে। আমাদের এই লড়াই বাংলাকে সোনার বাংলায় পরিণত করার, যারা বাংলাকে মিনি পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে, তাদের বিরুদ্ধে লড়াই করার। মমতার দৌলতে আজ বাংলায় তালিবানি শাসন প্রতিষ্ঠা হতে চলেছে। বিজেপি-র লড়াই চলবে। আমরা রাস্তায় ছিলাম, আছি।”

আরও পড়ুনঃ Shamik Bhattacharya : পৃথিবীর কোনও ক্ষমতা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসাতে পারবে না, দায়িত্ব নিয়েই হুঙ্কার শমীকের

তবে এদিন উঠে এসেছে বিজেপির অন্দরে হওয়া নবীন-প্রবীণ দ্বন্দের কথাও। সামনেই ভোট (West Bengal Assembly Election 2026), সেখানেই একসঙ্গে লড়াই করার বার্তা দিয়ে নবীন-প্রবীণ দ্বন্দ প্রসঙ্গ টেনে সুকান্ত বলেছেন, “বিজেপি পরিবারতান্ত্রিক দল নয়, বরং বিজেপিই একটি পরিবার। আমরা সকলে দলের অবিচ্ছেদ্য অংশ। আজ কে এসেছেন, কাল কে এসেছেন, আমরা সবাই বিজেপি। বাড়িতে মেয়ের বিয়ে হলে মা লকার থেকে ঠাকুমার সোনার হার বের করে আনেন। কেউ সেই হারেক পুরনো বলে না, কারণ সোনা সোনাই থাকে। বিজেপি তেমনই খাঁটি সোনা। নতুন-পুরনো বলে এখানে কিছু হয় না। আদি-নব্য কিছু নেই। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই আমরা।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT