নিউজ পোল ব্যুরো: ৩ জুলাই বৃহস্পতিবার রাজ্য বিজেপির সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) নাম। অর্থাৎ ছাব্বিশের নির্বাচনে নীলবাড়ি দখলের লড়াইতে বিজেপির সেনাপতি হিসেবে লড়াই করবেন আরএসএস-এর ঘরের ছেলে শমীক। এদিনের অনুষ্ঠান মঞ্চে প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং সহ বাংলার শীর্ষ বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। তবে এদের মঞ্চে দেখা গেল না বিজেপির আরও এক প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। বিজেপি যেখানে একদিকে বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার দায়িত্ব তুলে দিয়েছে সেখানে দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে চর্চা শুরু হয়েছে।
সায়েন্স সিটি প্রদর্শনী ময়দানে বড় অনুষ্ঠানের মাধ্যমে শমীক ভট্টাচার্যকে বরণ করে নেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পরেই তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন বড় বার্তা। মঞ্চ থেকে বিজেপির নব নিযুক্ত রাজ্যসভাপতি বলেছেন, “এবারে কোনও শক্তিই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসাতে পারবেনা। কোনও শক্তিই মমতাকে বাঁচাতে পারবে না।” ছাব্বিশে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী বলেই দাবি করেছেন শমীক। সংবর্ধনার মঞ্চে উঠে শমীক বলেন, ‘‘একসময়ে এ রাজ্যে বিজেপির ভোট শতাংশ ছিল ১-এরও নীচে। বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন, যে দলের বিধানসভায় প্রতিনিধিত্ব নেই, তাদের আমরা সর্বদলীয় বৈঠকে ডাকি না। সেই সীমিত শক্তি নিয়ে আমরা বাংলার রাজনীতিতে এসেছি। এই পথ মসৃণ ছিল না। মানুষই বিজেপিকে এই জায়গা করে দিয়েছে। এখন বাংলায় তৃণমূলকে হারাতে পারে এক মাত্র বিজেপিই।’’ মমতার বিকল্প মুখ কোথায়? সেই প্রশ্ন তুলে শমীক নিজেই উত্তর দিয়েছেন। বলেছেন, ‘‘যে মুখ এ রাজ্যে প্রত্যাখ্যাত, তার বিকল্পের প্রয়োজন নেই। মানুষ মুক্তি চায়।’’
অন্যদিকে শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) দায়িত্ব গ্রহনের অনুষ্ঠানে দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে জোর চর্চা শুরু। অনুষ্ঠানের শুরুতেই শুভেন্দুকে বলতে শোনা যায় “অতীত যদি কেউ ভুলে যায়, তার ভবিষ্যৎ ভাল হতে পারে না। তাই আমি প্রাক্তন সভাপতি ত্রয়, বর্ষীয়ান অধ্যাপক অসীম ঘোষ, দাদা রাহুল সিনহা এবং সতীর্থ সুকান্ত মজুমদারকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই।” তবে একবারের জন্যও কেউ নাম নেননি দিলীপ ঘোষের। এদিন দিলীপ ঘোষকে দেখা গিয়েছে দুর্গাপুরে। শমীককে নিয়ে দিলীপ বলেন, “শমীকবাবু অনেকদিন ধরে দলে রয়েছেন ৷ আমাদের দলে যাঁকে যে দায়িত্ব দেওয়া হয় সেটা আমরা সকলেই মেনে চলি ৷ তিনি ভালো বক্তা ৷ যুক্তি, তথ্য দিয়ে কথা বলেন ভালো ৷ পার্টি মনে করেছে তাঁকে দায়িত্ব দিলে ভালো হবে ৷”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
