Chattisgarh: মাওবাদী হানায় ফের রক্তাক্ত ছত্তিশগড়, ভয় আর রক্তে ডুবে গ্রামের নিঃশব্দ কান্না

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের হৃদপিণ্ডে যেন শান্তি আর সহিংসতার টানাপোড়েন চলছেই। একদিকে সরকারের ‘মাওবাদমুক্ত ভারত’-এর স্বপ্ন, অন্যদিকে ফের মাও সন্ত্রাসে রক্তাক্ত ছত্তিশগড়ের (Chattisgarh) বিজাপুর জেলা। গ্রামে ঢুকে এক নিরীহ বাসিন্দাকে বর্বর কায়দায় হত্যা করল মাওবাদীরা। এই অভিযোগে ফের আতঙ্ক ছড়াল পেরামপাল্লি গ্রামে।

আরও পড়ুন: India-US Trade Deal: শুল্কযুদ্ধের ছায়া কাটিয়ে এগিয়ে আসছে নতুন সূর্যোদয়, ৪৮ ঘণ্টার মধ্যেই ভারত-আমেরিকা অন্তবর্তী বাণিজ্যচুক্তি হতে পারে

সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে সাধারণ পোশাকে একদল মাওবাদী গ্রামে প্রবেশ করে। পুলিশের চর সন্দেহে গ্রামবাসী কাওয়াসি হুঙ্গা-কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তারা। আততায়ীরা এতটাই ছদ্মবেশে ছিল যে, গ্রামের মানুষরা প্রথমে বুঝতেই পারেননি কারা হঠাৎ তাদের মধ্যে ঢুকে পড়ল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এই হামলার পেছনে কোনও যৌক্তিক কারণ নেই। পুরো ঘটনাটিকে কাপুরুষোচিত ও পরিকল্পিত বলেই মনে করছে প্রশাসন। ইতিমধ্যে দায়ীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই হত্যাকাণ্ডের পিছনে প্রতিহিংসার রাজনীতি রয়েছে।

প্রসঙ্গত, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারতের লক্ষ্য ঘোষণা করেছেন। সেই লক্ষ্যে বিশেষ করে ছত্তিশগড় (Chattisgarh), ঝাড়খণ্ড (Jharkhand), অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh), ওডিশার মতো মাও-প্রভাবিত এলাকায় জোরদার অভিযান চালানো হচ্ছে। ২১ এপ্রিল থেকে তেলেঙ্গানা-ছত্তিশগড় (Chattisgarh) সীমান্তবর্তী কারেগুট্টা অঞ্চলে প্রায় তিন হাজার আধাসেনা মাওবাদীদের গোপন আস্তানায় হামলা চালাচ্ছে।

তবে কৌশলে ব্যর্থ হলে মাওবাদীরা যে সাধারণ মানুষের উপর চড়াও হতে দ্বিধা করছে না, তারই ভয়াবহ উদাহরণ পেরামপাল্লির এই ঘটনা। বিশ্লেষকরা মনে করছেন, নিরাপত্তাবাহিনীর ধারাবাহিক অভিযানের পাল্টা প্রতিশোধ হিসেবেই নিরীহ গ্রামবাসীদের নিশানা করছে এই উগ্রপন্থীরা। আর তাতেই প্রশ্ন উঠছে, মাওবাদ দমনের নামে আদৌ কি নিরাপত্তা ফিরছে, নাকি আরও গভীরে ঢুকছে ভয়?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT