নিউজ পোল ব্যুরো: বিদেশের মাটিতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। মালিতে ডায়মন্ড সিমেন্ট কারখানায় কাজ করার সময় জঙ্গিদের হাতে অপহৃত তিন ভারতীয়। তিন ভারতীয় নাগরিকের অপহরণের (Indians Missing in Mali) ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। আল-কায়েদার সহযোগী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (JNIM)-এর সঙ্গে সম্পর্কিত জঙ্গি হামলার পর মালিতে তিন ভারতীয় নাগরিককে অপহরণ করা হয়েছে।
১ জুলাই পশ্চিম মালির কায়েসের ডায়মন্ড সিমেন্ট কারখানায় এই হামলা চালানো হয়। বিদেশ মন্ত্রকের (MEA) মতে, একদল সশস্ত্র ব্যক্তি কারখানার ভিতরে হামলা চালায় এবং তিন ভারতীয়কে নিজেদের জিম্মায় নিয়ে নেয়। অপহৃতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা। বুধবার বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “ঘটনাটি ঘটে ১ জুলাই, যখন একদল সশস্ত্র হামলাকারী কারখানার ভিততে সমন্বিত আক্রমণ চালায় এবং তিনজন ভারতীয় নাগরিককে জোরপূর্বক আটক করে নিয়ে যায়।” জানানো হয়েছে,অপহৃত ভারতীয়রা কারখানায় কর্মরত ছিলেন এবং হামলার সময় তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। ভারত অপহরণের তীব্র নিন্দা জানিয়েছে এবং মালিকে জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, “ভারত সরকার দ্ব্যর্থহীনভাবে এই সহিংসতার নিন্দা জানায় এবং অপহৃত ভারতীয় নাগরিকদের নিরাপদ এবং দ্রুত মুক্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য মালি প্রজাতন্ত্রের সরকারকে আহ্বান জানিয়েছে।”
আরও পড়ুনঃ Amarnath Yatra 2025 : কঠোর নিরাপত্তার পহেলগাঁও-বালতাল জোড়া রাস্তা দিয়ে শুরু অমরনাথ যাত্রা
যদিও ভারতীয়দের অপহরণের ঘটনার পর (Indians Missing in Mali) কোনও গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে অপহরণের দাবি করেনি। তবে আল-কায়েদা-সংশ্লিষ্ট JNIM একই দিনে মালিতে ধারাবাহিক হামলার দায় স্বীকার করেছে বলে জানা গিয়েছে। কায়েস, ডিবোলি, সান্দেরে এবং সেনেগাল ও মৌরিতানিয়া সীমান্তের কাছে অন্যান্য শহরে সামরিক ও সরকারি স্থাপনাগুলিতে হামলা চালানো হয়েছিল। ২০১২ সাল থেকে মালি একটি সহিংস ইসলামপন্থী বিদ্রোহের সঙ্গে লড়াই করছে। দেশের উত্তরে যা শুরু হয়েছিল তা সেই অঞ্চল জুড়ে এবং প্রতিবেশী বুর্কিনা ফাসো এবং নাইজারে বিস্তৃত হয়েছে। জিহাদি সহিংসতা ছাড়াও, মালি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ এবং ব্যাপক অপরাধমূলক কার্যকলাপের সঙ্গেও লড়াই করছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
