Chingrighata Metro : রাজ্য ও মেট্রোর যৌথ বৈঠকে মিলল সমাধান, এগোবে অরেঞ্জ লাইন মেট্রো প্রকল্প

কলকাতা প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে চলা সমস্যার অবশেষে সমাধান হয়েছে বলে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) রিপোর্ট জমা দিল রাজ্য সরকার (West Bengal Government) এবং মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro)।

আরও পড়ুন: Physiotherapist Vs IMA : ফিজিওথেরাপিস্টদের নামের আগে ‘ডাক্তার’ বিতর্ক, সরাসরি চ্যালেঞ্জের মুখে IMA

বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে জানানো হয়, আদালতের নির্দেশ মেনেই গত ৯ সেপ্টেম্বর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে রাজ্য, আরভিএনএল (RVNL), পরিবহন দফতর (Transport Department), কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation), এবং কলকাতা পুলিশ (Kolkata Police) উপস্থিত ছিল। বৈঠকে সমস্ত পক্ষ ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনায় বসে এবং সমস্যার সমাধান খুঁজে পাওয়া গেছে বলেই জানায় রাজ্য।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, মেট্রো কাজের পথে আর কোনও বাধা নেই। ভবিষ্যতে কোনও সমস্যা দেখা দিলে তা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে। আদালতও জানিয়েছে, এখন মেট্রোর কাজ নির্বিঘ্নে চলতে পারবে। উল্লেখযোগ্যভাবে, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো (Orange Line Metro) চালুর কাজে বারবার বাধা আসছিল। এর মূল কারণ ছিল চিংড়িঘাটার যানজট। আরভিএনএল-এর দাবি ছিল, মাত্র ৩৬৬ মিটারের সংযোগ না হওয়ায় মেট্রোপথ সম্পূর্ণ হচ্ছে না।

এই অরেঞ্জ লাইন চালু হলে প্রতিদিন হাজার হাজার যাত্রী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বিশেষত নিউ টাউন (New Town), সল্টলেক (Salt Lake), এয়ারপোর্ট (Airport) এবং দক্ষিণ কলকাতার (South Kolkata) যাত্রীদের জন্য এটি হবে বড় স্বস্তি। বর্তমানে যানজটে ঘন্টার পর ঘন্টা নষ্ট হলেও মেট্রো চালু হলে যাতায়াতের সময় অনেকটাই কমবে। আরভিএনএল আদালতে প্রস্তাব দেয়, শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নির্দিষ্ট সময়ে টানা কাজ করলে অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান সম্ভব। আদালতের নির্দেশ অনুযায়ী, পার্ক স্ট্রিট মেট্রো ভবনে (Park Street Metro Bhavan) বৈঠক করে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। সেই রিপোর্টে জানানো হয়েছে, সব পক্ষের সম্মিলিত উদ্যোগে সমাধান পাওয়া গেছে।

9

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কলকাতায় এসে মেট্রোর নতুন রুট উদ্বোধন করেছিলেন। যাত্রী সংখ্যা বাড়লেও চিংড়িঘাটার যানজটের কারণে কাজ এগোচ্ছিল না। এবার আদালতের হস্তক্ষেপ ও বৈঠকের পর আশা করা হচ্ছে, দ্রুত কাজ সম্পন্ন হবে এবং নিউ গড়িয়া-এয়ারপোর্ট অরেঞ্জ লাইন চালু হলে কলকাতার পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole