Kali Pujo 2026: স্বপ্নাদেশে তৈরি হয়েছিল দেবীর মূর্তি! উত্তর কলকাতার ঘোমটা কালীর অলৌকিক কাহিনি

অন্য রকম পূজা

নিউজপোল ব্যুরো: মা কালী বলতেই চোখের সামনে ভেসে ওঠে গলায় মুণ্ডমালা, হাতে খড়্গ, খোলা চুল। কিন্তু উত্তর কলকাতার এক প্রাচীন মন্দিরে দেবীকে দেখা যায় একেবারে অন্য সাজে। মাথায় সুন্দর করে টানা ঘোমটা, মুখে শান্ত ও স্নিগ্ধ ভাব। ভক্তদের কাছে তিনি পরিচিত ‘ঘোমটা কালী’ নামে।

শ্যামবাজারের পাঁচ মাথার মোড় থেকে ভূপেন বোস অ্যাভিনিউ ধরে এগোলেই এই মন্দিরের সন্ধান মিলবে। শ্যামপুকুর থানার সামনে বলরাম ঘোষ স্ট্রিটে অবস্থিত এই মন্দির ঘিরে রয়েছে বহু বছরের ইতিহাস।

প্রচলিত কাহিনি অনুযায়ী, ১৮৮৮ সালে জমিদার বলরাম ঘোষের বংশধর তুলসীরাম ঘোষ এক রাতে স্বপ্নে দেবীর দর্শন পান। তবে স্বপ্নে দেবী এসেছিলেন শান্ত, ঘোমটা টানা এক নারীর রূপে। সেই দৃশ্য মনে গভীর ছাপ ফেলেছিল তাঁর। এরপর স্বপ্নে দেখা রূপ অনুসারেই দেবীর মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন তিনি। সেই থেকেই এই বিশেষ রূপে পূজিত হয়ে আসছেন মা।

এই মন্দিরের ভোগেও রয়েছে বিশেষত্ব। নুন ছাড়া লুচি, পাঁচ রকমের ভাজা, বোঁদে ও মিষ্টি নিবেদন করা হয় দেবীকে। কালীপুজোর রাতে মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় হয়। বাসন্তী পঞ্চমীতেও বিশেষ উৎসব পালিত হয়।

অনেক ভক্তের কাছে তিনি ‘ছোট ভবতারিণী’। বিশ্বাস আর ঐতিহ্যের মেলবন্ধনে আজও উত্তর কলকাতার বুকে নিজের স্বতন্ত্র পরিচয় ধরে রেখেছেন ঘোমটা কালী।