কলকাতা পুরভোট নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, আপাতত নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করতে পারবে না কমিশন

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: কলকাতা পুরসভার নির্বাচন ঘিরে নতুন করে তৈরি হল আইনি জটিলতা। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের কোনও নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের এই নির্দেশের ফলে আপাতত অনিশ্চিত হয়ে পড়ল কলকাতা পুরসভার নির্বাচনী প্রক্রিয়া।

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া আইন মেনে হয়েছে কি না, তা আগে বিচার করে দেখতে হবে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা যাবে না।

উল্লেখ্য, কলকাতা পুরসভার ওয়ার্ডের সীমানা নতুন করে নির্ধারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের হয়েছিল। মামলাকারীদের বক্তব্য, এই পুনর্বিন্যাসের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই মামলাকে কেন্দ্র করেই আদালতের দ্বারস্থ হতে হয়।

অন্যদিকে, রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দিয়েছে। নতুন দিনক্ষণও এখনও জানানো হয়নি।