ঘূর্ণিঝড় মুরাসুর বিদায়েই বদল আবহাওয়ার! নামবে পারদ, উৎসবের পরেই বৃষ্টির দাপটে

আবহাওয়া

নিউজপোল ব্যুরো:  কয়েক দিন আগেও বৃষ্টি আর গরমে নাজেহাল হচ্ছিলেন বাংলার মানুষ। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ ছিল মেঘলা। তবে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটতেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। বাতাসে এখন হালকা ঠান্ডার ছোঁয়া। সকাল ও সন্ধ্যায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। কলকাতায় রাতের তাপমাত্রাও নেমে এসেছে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। ফলে ভোর ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়বে। কালীপুজো পর্যন্ত রাজ্যের বেশির ভাগ জায়গায় আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। তাই উৎসবের দিনগুলিতে বৃষ্টির আশঙ্কা আপাতত কম।

তবে কালীপুজো মিটতেই বদলাতে পারে আবহাওয়া। সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূলের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, উত্তর ভারতের পাহাড়ি এলাকাতেও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বাংলায় একদিকে যেমন শীতের আমেজ বাড়বে, তেমনই উৎসবের পর আবার বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা।