নিউজ পোল ব্যুরো: বেতন ৩০ লাখ। আর জরিমানা সবমিলিয়ে ১২৫%! সঙ্গে দোসর এক ম্যাচ নির্বাসন। মোটামুটিভাবে এই হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের (LSG) তরুণ লেগ-স্পিনার দিগ্বেশ রাঠীর (Digvesh Rathi) আইপিএল ২০২৫ (IPL 2025)-এর যাত্রাপথ। ভুল থেকে শিক্ষা নেওয়া তো দূর বরং ম্যাচের পর ম্যাচে আরও ঔদ্ধত্য বেড়েছে দিগ্বেশের। ‘নোটবুক সেলিব্রেশন’ (Notebook Celebration)-এর জন্য আগেও শাস্তি পেয়েছিলেন কিন্তু তা শোধরানোর প্রয়োজনবোধ করেননি তিনি। ফলে এবার চরমতম শাস্তি হিসেবে এক ম্যাচ নির্বাসিত (Suspension) হলেন।
সোমবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল এলএসজি (LSGvsSRH)। ঘটনার সূত্রপাত হায়দ্রাবাদ ইনিংসের অষ্টম ওভারে। রাঠীর বলে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়ে থেমে যায় হায়দ্রাবাদ ওপেনার অভিষেক শর্মার (Abhishek Sharma) ২০ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস। এরপরেই বিতর্কিতভাবে অভিষেক শর্মাকে দ্রুত মাঠ ছাড়ার অঙ্গভঙ্গি দেখাতে থাকেন দিগ্বেশ (Digvesh Rathi)। নোটবুক সেলিব্রেশনেও মাতেন তিনি। ক্রমাগত উত্যক্ত করতে থাকেন অভিষেক শর্মাকে। পাল্টা কথা শোনাতে দেখা যায় হায়দ্রাবাদ ওপেনারকেও। বারংবার দিগ্বেশের এইধরণের অভব্য আচরণ মোটেও ভাল চোখে নেয়নি বিসিসিআই।
গত ১ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই একই ধরণের সেলিব্রেশনের কারণে ম্যাচ ফি -র ২৫% জরিমানা এবং ১ ডিমিরিট পয়েন্ট যোগ হয়েছিল দিগ্বেশের (Digvesh Rathi) রেকর্ডে। এরপরে ৪ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একই কারণে তাঁর ম্যাচ ফি-র ৫০% কাটে বিসিসিআই এবং ২ ডিমিরিট পয়েন্ট যোগ করে। মোট ৩ ডিমিরিট পয়েন্ট যোগ হয় দিগ্বেশের ডিসিপ্লিনারি রেকর্ডে। নিয়ম অনুযায়ী ৪টি ডিমিরিট পয়েন্ট পেরোলেই এক ম্যাচ নির্বাসনের শাস্তি দেওয়া হয়। আর লখনউ সুপার জায়ান্টস ম্যাচের পর আরও ২টি ডিমিরিট পয়েন্ট যোগ হয়েছে রাঠীর রেকর্ডে। সঙ্গে ৫০% জরিমানাও করা হয়েছে। ফলে মোট ৫টি ডিমিরিট পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্স ম্যাচে মাঠের বাইরেই বসতে হবে সঞ্জীব গোয়েংকার দলের স্পিনারকে। এক মরশুমে তিন তিনবার লেভেল ওয়ান অপরাধ করে ফেলেছেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক:
https://youtube.com/@newspolebangla?si=ZTHPHpwytkdsVs28
২৫% জরিমানা করা হয়েছে অভিষেক শর্মাকেও। দেওয়া হয়েছে ১ ডিমিরিট পয়েন্ট। তবে দিগ্বেশের (Digvesh Rathi) এইধরণের একগুঁয়ে মনোভাবে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। ব্যাঙ্গ করে নেটিজেনরা বলছেন আইপিএল খেলে রোজগার করা অর্ধেক টাকা জরিমানাতেই চলে গেল রাঠীর!
