BCCI: এবার কেন্দ্রীয় সরকারের আওতায় ভারতীয় ক্রিকেট বোর্ড? আসছে নয়া আইন

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: অনেক দিন ধরেই চলছিল আলোচনা। এবার তা বাস্তবায়নের পথে। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন, আর সেই অধিবেশনেই পেশ হতে চলেছে ‘ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল, ২০২৫’। দেশের ক্রীড়া প্রশাসনে ঐক্যবদ্ধ কাঠামো গড়ে তোলাই এই বিলের প্রধান উদ্দেশ্য। সংসদের উভয় কক্ষে বিলটি পাশ হলে তা পরিণত হবে আইনে। আর এই নয়া আইনের আওতায় থাকবে কি ভারতীয় ক্রিকেট বোর্ড‌ও (BCCI)?

আরও পড়ুন: Trump-Sharif Meeting: ট্রাম্প-শরীফ বৈঠকের গুঞ্জনে উত্তপ্ত রাজনীতি! পাকিস্তান সফর নিয়ে নতুন আলোচনার সূচনা

বিলটি আইন হিসেবে কার্যকর হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) -সহ দেশের সমস্ত ক্রীড়া ফেডারেশন আসবে এক নীতির আওতায়। এই বিলের সঙ্গে ন্যাশনাল অ্যান্টি ডোপিং আইনেও সংশোধনী আনার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র।

সব খেলার জন্য এক আইন:

দেশে এখনও পর্যন্ত প্রতিটি ক্রীড়া ফেডারেশন চলে নিজেদের স্বতন্ত্র গঠনতন্ত্র ও নিয়মে। এই বিচ্ছিন্ন কাঠামোতেই পরিবর্তন আনতে চায় কেন্দ্র। নতুন আইনে বলা হয়েছে— সমস্ত ফেডারেশনকে এক অভিন্ন শাসন কাঠামোর মধ্যে আনতে হবে। কেন্দ্রীয় সরকার মনে করছে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি ও কার্যকারিতা বাড়াতে এই সংস্কার প্রয়োজন।

এই প্রেক্ষিতেই সংসদে আনা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল। বিশেষ করে ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের পরিকল্পনার কথা মাথায় রেখেই সরকার চাইছে, আগে থেকেই দেশের ক্রীড়া প্রশাসনে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে‌।

অলিম্পিক্সে ক্রিকেট, আইনের আওতায় বিসিসিআই (BCCI):

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস এবং ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক্স— দুই আসরেই ক্রিকেট জায়গা পাচ্ছে অলিম্পিক্স স্পোর্টসের তালিকায়। এই পরিস্থিতিতে ভারতের তরফে অলিম্পিকে অংশগ্রহণ করতে গেলে, বিসিসিআই-কে আসতে হবে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) অধীনে। কারণ, আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা শুধুমাত্র আইওএ -র মনোনীত প্রতিনিধিদেরই স্বীকৃতি দেয়।

এতদিন বিসিসিআই এই পরিকাঠামোর বাইরে থেকে চলেছে। কারণ, তারা সরকারি অর্থ সাহায্য ছাড়াই আর্থিকভাবে স্বাবলম্বী এবং স্বশাসিত একটি সংস্থা। কিন্তু নতুন আইনের খসড়া অনুযায়ী, এই যুক্তি আর ধোপে টিকবে না। এক কেন্দ্রীয় ক্রীড়া আধিকারিক জানিয়েছেন, “অলিম্পিক্সে খেলতে হলে বিসিসিআইকে (BCCI) আইওএ -র সঙ্গে যুক্ত হতেই হবে। আর সে কারণে নতুন আইনের আওতায় আসবে তারাও।”

স্পোর্টস বোর্ডের হাতে নিয়ন্ত্রণ:

নতুন বিল অনুযায়ী, গঠিত হবে একটি ‘ন্যাশনাল স্পোর্টস বোর্ড’, যা দেশের সব ক্রীড়া সংস্থার উপর নিয়ন্ত্রণ বজায় রাখবে। এখন পর্যন্ত এই দায়িত্ব ছিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) হাতে। বিল কার্যকর হলে সেই ক্ষমতা সরাসরি চলে যাবে এই নতুন বোর্ডের হাতে। বোর্ড গঠনের দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সরকারের উপরেই।

বিলে আরও বলা হয়েছে, সফলভাবে আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্ট (বিশেষত অলিম্পিক্স) আয়োজনের জন্য কেন্দ্র এবং আইওএ -র মধ্যে সমন্বয় গড়ে তোলা জরুরি। সেই সমন্বয় রক্ষার ভূমিকা নেবে স্পোর্টস বোর্ড।

নতুন কাঠামোর পথে ভারতীয় ক্রীড়া:

এই আইনের মাধ্যমে ক্রীড়া প্রশাসনের স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্য নিয়েছে সরকার। বিলের খসড়া অনুযায়ী, প্রত্যেক ফেডারেশনকে নির্ধারিত সময় অন্তর নির্বাচন করতে হবে, অডিট রিপোর্ট প্রকাশ করতে হবে, এবং আরটিআই (RTI) আইনের আওতায় আসতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=5Xj7Np_QJa2n2zTX

এই প্রস্তাবিত আইনের কার্যকারিতা ও বাস্তবায়নের ধরন ঠিক কী হবে, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে আলোচনা ক্রীড়ামহলে। তবে এটা স্পষ্ট, কেন্দ্র চায় দেশের সমস্ত ক্রীড়া সংস্থা একটি নির্দিষ্ট নিয়মের অধীনে চলে, যাতে আন্তর্জাতিক পর্যায়ে ভারতের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও সুসংহত ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।