Ajit Doval: বেজিংয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা, পরোক্ষভাবে পাকিস্তানকে কাঠগড়ায় তুললেন অজিত ডোভাল

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: চিনের (China) বুকে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল (Ajit Doval)। মঙ্গলবার বেজিংয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO)-এর নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ভাষণ দিতে গিয়ে, তিনি এমন এক বক্তব্য রাখেন যা সরাসরি পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে না হলেও, তীর যে সেদিকেই, তা বুঝতে বিশেষ অসুবিধা হয়নি কূটনৈতিক মহলের।

আরও পড়ুন: Digha Rathyatra: রথযাত্রার প্রথম পালক সৈকত শহরে, মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন যাত্রার সূচনা!

ডোভাল (Ajit Doval) বলেন, “সন্ত্রাসবাদের কোনও রকম বৈধতা থাকতে পারে না। এর যেকোনও রূপই, বিশেষ করে সীমান্তপারের হিংসাত্মক আক্রমণ, মানবতার বিরুদ্ধে অপরাধ।” তিনি নাম না করলেও, পাকিস্তান-সমর্থিত লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, আইসিস ও আল কায়দার মতো সংগঠনের প্রসঙ্গ টেনে তিনি বুঝিয়ে দেন যে, এদের কার্যকলাপ আজও বৈশ্বিক নিরাপত্তার পক্ষে বড় বিপদ।

তিনি (Ajit Doval) আরও স্পষ্ট করে দেন যে, শুধু জঙ্গিদের খতম করলেই চলবে না। তাদের অর্থসাহায্যের যোগান, প্রশিক্ষণ পরিকাঠামো এবং রাজনৈতিক মদতদাতাদেরও নির্মূল করতে হবে। এই প্রেক্ষিতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি ‘সমন্বিত প্রতিরোধ কাঠামো’ তৈরির আহ্বান জানান ডোভাল। তিনি সতর্ক করেন, “সন্ত্রাসের মোকাবিলায় দ্বিমুখী নীতি একেবারেই গ্রহণযোগ্য নয়।”

উল্লেখ্য, পুলওয়ামা হামলার পর ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’-এর নাম উঠে আসে, যা আসলে লস্কর-ই-তৈবারই ছদ্মবেশী শাখা। এই ঘটনার পর ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor), যার মাধ্যমে কড়া জবাব দেওয়া হয়। বৈঠকের অবসরে রুশ প্রতিনিধি আলেকজান্ডার বেনেডিক্টভের সঙ্গে একটি দ্বিপাক্ষিক আলোচনা সারেন ডোভাল। SCO-র অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, চিন, রাশিয়া, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরঘিজস্তান ও কাজাখস্তান। এই গোষ্ঠীর মূল লক্ষ্যই আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা এবং সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত লড়াই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT