Rahul Gandhi: মৃত অর্থনীতির দায়ে মোদীর দিকে আঙুল, ট্রাম্পের সুরে সুর মেলালেন রাহুল

দেশ

নিউজ পোল ব্যুরো: দেশের অর্থনীতি কি মৃত? অন্তত এমনটাই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর তার সেই বিস্ফোরক দাবিকেই সমর্থন করে ভারতে চাঞ্চল্য ফেলে দিলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সরাসরি আক্রমণে রাহুলের অভিযোগ, “ভারতের অর্থনীতিকে খুন করেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।”

আরও পড়ুন: Durga Puja 2025: সবুজ ভাবনায় শতবর্ষ, টালা প্রত্যয়ের পুজোয় ‘বীজ অঙ্গন’, নামকরণে মুখ্যমন্ত্রী!

ঘটনার সূত্রপাত ট্রাম্পের (Donald Trump) একটি পোস্ট ঘিরে। নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ ট্রাম্প লেখেন, “রাশিয়া আর ভারতের মৃত অর্থনীতি নিয়ে আমি উদ্বিগ্ন নই। আমরা ভারতের সঙ্গে বাণিজ্য করি না, কারণ ওরা বিশাল শুল্ক চাপায়।” শুধু তা-ই নয়, রাশিয়া (Russia) থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণাও করেছেন তিনি।

এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে ঝড়। এক্স (সাবেক টুইটার)-এ রাহুল গান্ধী (Rahul Gandhi) লেখেন, “ভারতের অর্থনীতি মৃত, আর তার খুনি প্রধানমন্ত্রী মোদী।” আদানি-মোদীর ঘনিষ্ঠতা, ডিমনিটাইজেশন, বিভ্রান্তিকর জিএসটি, কৃষক আন্দোলন আর কর্মসংস্থানের অভাব সব কিছুকেই তুলে ধরেছেন রাহুল। তার মতে, এই মূর্ছিত অর্থনীতির দায় সম্পূর্ণ মোদীর নেতৃত্বাধীন বিজেপির। রাহুল (Rahul Gandhi) আরও বলেন, “সত্যি বলার সাহস দেখানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ। যে তথ্য অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী স্বীকার করতে চান না, তা আজ গোটা বিশ্ব জানছে।” এখানেই থামেননি কংগ্রেস। দলের মুখপাত্র জয়রাম রমেশ এক ধাপ এগিয়ে বলেন, “হাউডি মোদী কিংবা নমস্তে ট্রাম্প করে লাভ কী হল? আমেরিকা (America) এখন ভারতের উপরেই শুল্কের খাঁড়া নামাচ্ছে।”

বিশ্লেষকরা বলছেন, কৃষিপণ্য ও ডেয়ারি খাতে মার্কিন বাজার চাইলেও ভারত তার দরজা খুলতে নারাজ। বাণিজ্য চুক্তির এই টানাপোড়েন থেকেই ক্রমশ স্পষ্ট হচ্ছে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন। আর সেই সুযোগেই রাহুলের রাজনৈতিক চর্চায় জোর চমক!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole